২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে বাড়ি এসে খুন

ঈদের ছুটিতে গ্রামের বাড়ি এসে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন ঢাকায় কর্মরত এক আনসার সদস্য। আহত হয়েছে তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 06:02 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে গ্রামের বাড়ি এসে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন ঢাকায় কর্মরত এক আনসার সদস্য। আহত হয়েছে তিন জন। বুধবার রাত ৯টার দিকে টাঙ্গাইলের নাগরপুর থানার মোকনা ইউনিয়নের লারোগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্য আবদুল কাদের (৫৫) ঢাকার উত্তরা থানায় কর্মরত। নাগরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, জমিজমা নিয়ে আবদুল কাদেরের সঙ্গে প্রতিবেশী রাজা খান ও আবু হানিফের দীর্ঘদিনের বিরোধ ছিলো। বুধবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাজা ও হানিফের পক্ষের ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে কাদের, তার ছেলে এবং অন্যান্য কয়েকজনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই কাদের মারা যান। আহত হয় কাদেরের ছেলে আবদুল মালেক (২৬), প্রতিবেশী আবদুর রউফ (৪০) ও তার ছেলে জাকির (২৫)। তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এরা হলেন- রমেছ খান (৪২), আ. জলিল (৩০), তানজিল (২০) ও ফজলুল হক (২৫)। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৫৯ ঘ.