শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্কমুক্ত পোশাক রপ্তানির সুবিধা পেতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্মত করতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুতকারকরা।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দিল্লি শুল্ক ও কোটামুক্ত রপ্তানির সুযোগ দিলে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ অনেক গুণে বেড়ে যাবে।"
আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকা আসছেন মনমোহন সিং। তার এ সফরে আট থেকে ১০টি প্রটোকল, সমঝোতা স্মারক ও কার্যবিধি স্বাক্ষর হওয়ার কথা।
বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে চারশ ৮০ ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক দিতে হয়। এর মধ্যে একশ ৫৪টি তৈরি পোশাক সংশ্লিষ্ট।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত জানুয়ারি থেকে মার্চে রপ্তানি আগের তুলনায় প্রায় একশ ভাগ বেড়ে যায়। ওই সময় রপ্তানির পরিমাণ ছিলো এক হাজার ৭৭ কোটি টাকার পণ্য রপ্তানি করেন। আগের অর্থবছরে একই সময়ে রপ্তানির পরিমাণ ছিলো পাঁচশ ৪৮ কোটি টাকা।
মহিউদ্দিন বলেন, "চলতি বছর থেকে প্রতি বছর এক কোটি পিস তৈরি পোশাকের শুল্কমুক্ত রপ্তানির অনুমতি রয়েছে ভারতের পক্ষ থেকে। এ কারণে রপ্তানি বেড়ে যায়।"
এর আগে ৮০ লাখ পিস পোশক শুল্কমুক্ত সুবিধা পেয়েছিলো।
ভারতে মধ্যবিত্ত শ্রেণীর জনসংখ্যা প্রায় ৪৫ কোটি। দেশটিতে প্রায় তিন হাজার কোটি ডলারের পোশাকের বাজার রয়েছে।
মহিউদ্দিন বলেন, "বাংলাদেশ ভারতের চাহিদার ১০ শতাংশ মেটাতে পারলে এর পরিমাণ দাঁড়াবে তিনশ কোটি ডলার। এতে দুদেশের বাণিজ্য ঘাটতি কমবে।"
সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচলাক মোস্তাফিজুর রহমান বলেন, বাজারে প্রবেশাধিকার পেলে বাংলাদেশের অর্থনীতি বিপুলভাবে লাভবান হবে।
"তবে বাস্তবতা হলো ভারত তার বাজারে বাংলাদেশকে সহজে অবিচ্ছেদ্য প্রবেশাধিকার দেবে না।"
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি এ কে আজাদ বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন- এটা বেশ ইতিবাচক।
"বাণিজ্য ও বিনিয়োগের নতুন পথ উন্মুক্ত হবে বলে আমি আশাবাদী।"
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সরকার, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগোই ও মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানহাওলা মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফরে আসার কথা।
২০০৯-১০ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দুশ ৯০ কোটি ডলার। ওই সময়ে বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ ৩০ কোটি ডলার। একই সময়ে আমদানির পরিমাণ তিনশ ২০ কোটি ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরএইচ/পিডি/১৯৩২ ঘ.
bdnews24