চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর মোহনায় একটি মাছ ধরা ট্রলার ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রলারের ধাক্কায় ওই ট্রলারটি ডুবে যায়।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকালে ট্রলার উদ্ধারের পর তার ভিতরে ওই তিন জনের লাশ পাওয়া যায়।
নিহতদের মধ্যে আমজাদ হোসেনের (৩৮) পরিচয় জানা গেলেও অন্য দুজনের পরিচয় মিলেনি।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঠ নির্মিত মাছ ধরা ট্রলার ঈগল-৭ সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ১৯ জন মাঝি-মাল্লা নিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নগরীর ফিশারিঘাট থেকে সাগরের দিকে যাত্রা করে।
ভোর ৫টার দিকে কর্ণফুলী নদীর মোহনায় ১৫ নম্বর জেটিঘাট এলাকায় বন্দর অভিমুখী মাছ ধরা ট্রলার এমভি উরকা (বড় আকারের) ঈগল-৭ কে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
ট্রলারের ছাদে থাকা ১৬ জন সেসময় পানিতে ঝাঁপিয়ে পড়লেও ভেতরে ঘুমিয়ে থাকা তিনজন বের হতে পারেননি। পরে আশপাশে থাকা অন্য তিনটি মাছ ধরা ট্রলারের লোকজন ওই ১৬ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
বিকালে দুর্ঘটনাকবলিত ট্রলারটি টেনে তীরে আনা হলে এর ভেতরে তিন জেলের লাশ পাওয়া যায়।
মো. সারোয়ার নামের এক ব্যক্তি ট্রলারটির মালিক বলে জানান এসআই কামরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/এএল/২২১৮ ঘ.
bdnews24