২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কীটনাশক দিয়ে মাছ ধরায় দুই জেলে গ্রেপ্তার

সুন্দরবনের খালের পানিতে কীটনাশক মিশিয়ে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কীটনাশক মিশিয়ে ধরা চিংড়িও তাদের কাছ থেকে জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

বাগেরহাট, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের খালের পানিতে কীটনাশক মিশিয়ে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কীটনাশক মিশিয়ে ধরা চিংড়িও তাদের কাছ থেকে জব্দ করা হয়। বন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্পের ইসমাইলের ছিলা খাল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের নাসির হাওলাদার (২৮) ও বকুলতলা গ্রামের বারেক হাওলাদার (৩০)। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক জেলেরা সুন্দরবনে মাছ ধরে ফিরছিলো। পথে সন্দেহ হওয়ায় বন কর্মীরা তাদের নৌকা তল্লাশি করে ২৫ কেজি চিংড়ি ও একটি 'রিপকর্ড' কীটনাশকের শিশি উদ্ধার করে। এ ঘটনায় বন বিভাগের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বন আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কাশ্যপী। এ নিয়ে পূর্ব সুন্দরবনের খালের পানিতে কীটনাশক মিশিয়ে অবৈধভাবে মাছ শিকারের পৃথক নয়টি ঘটনায় চলতি বছর ১৬ জনকে হাতেনাতে আটক করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৫৬ ঘ.