২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবকে অস্ত্র দেওয়া বন্ধ করুন: অ্যামনেস্টি

র‌্যাবের বিরুদ্ধে আবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে বাংলাদেশকে অস্ত্র সরবরাহ না করতে অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 06:24 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

লন্ডন, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের বিরুদ্ধে আবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে বাংলাদেশকে অস্ত্র সরবরাহ না করতে অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সন্ত্রাস দমনে গঠিত বাংলাদেশের বিশেষ বাহিনী র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনা তদন্ত করে এ জন্য দায়ীদের শাস্তি দিতেও বাংলাধেম সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এ মানবাধিকার সংগঠন। বুধবার প্রকাশিত অ্যামনেস্টির এক প্রতিবেদনে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। 'ক্রাইমস আনসিন-এক্সট্রা জুডিশিয়াল এক্সিকিউশন ইন বাংলাদেশ' শীর্ষক ১২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত ঝালকাঠীর লিমন হোসেনসহ কয়েকজনের বিষয়ে আলোকপাতও করা হয়। সংগঠনটির বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বার বার র‌্যাবের হত্যাকাণ্ড বন্ধ এবং এর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছি। কিন্তু যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারাই যদি আবার প্রধান তদন্তকারীর ভূমিকায় থাকে, তাহলে তদন্ত পক্ষপাতমুক্ত হবে না।" এ জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে অ্যামনেস্টি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে আব্বাস বলেন, "বাংলাদেশ সরকারকে দেখাতে হবে যে হত্যাকাণ্ডের জন্য কোন র‌্যাব অফিসারকে শাস্তি দেওয়া হয়েছে।" "প্রশাসনিক তদন্তের পর এক জন অফিসারের পদাবনতি বা চাকরি থেকে বরখাস্ত হত্যাকাণ্ডের শাস্তি হতে পারে না", বলেন তিনি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক দিন ধরেই র‌্যাবের সমালোচনায় মুখর অ্যামনেস্টি। তবে বাংলাদেশ সরকার বরাবরই তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। বাংলাদেশ পুলিশ ও র‌্যাবের জন্য বিদেশ থেকে অনেক অস্ত্র কেনা হয়। অস্ট্রিয়া, বেলজিয়াম, চীন, চেক রিপাবলিক, ইতালি, পোল্যান্ড, রাশিয়া, স্লোভাকিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র এ অস্ত্র সরবরাহ করে। বাংলাদেশে অস্ত্র বিক্রি বন্ধ করতে এসব দেশের প্রতি আহ্বান জানিয়ে অ্যামনেস্টি বলছে, "যে সব দেশ জেনে-শুনে মানবাধিকার লঙ্ঘনকারী সিকিউরিটি ফোর্সদের অস্ত্র সরবরাহ করে, সে সব দেশকেও এ সব হত্যাকাণ্ডের কিছুটা দায়ভার নিতে হবে।" অ্যামনেস্টির হিসাবে, ২০০৪ সালে র‌্যাব গঠনের পর এ পর্যন্ত অন্তত ৭০০ মানুষকে 'বিনা বিচারে' হত্যা করা হয়। এ সব হত্যাকাণ্ড নিয়ে যে তন্ত হয়েছে, তাও অস্পষ্ট। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর ২০১১ সালের মাঝামাঝি পর্যন্ত ২০০ মানুষ র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় বলে অ্যামনেস্টি জানায়। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে অ্যামনেস্টি গবেষক আব্বাস ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ বিষয়টিও খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। কিছু বিষয়ে আমাদের এখনো উদ্বেগ রয়েছে। সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি আমাদের।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এমআই/১২১৭ ঘ.