২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবনে সিনার আয়-ব্যয়ের হিসাব চেয়েছে হাইকোর্ট

বেসরকারি হাসপাতাল ইবনে সিনার আয়-ব্যয়ের আর্থিক প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। প্রতিবেদনে প্রতিষ্ঠানটির শুরুর অবস্থা এবং বর্তমানে কোন অবস্থায় আছে তা উল্লেখ করতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি হাসপাতাল ইবনে সিনার আয়-ব্যয়ের আর্থিক প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। প্রতিবেদনে প্রতিষ্ঠানটির শুরুর অবস্থা এবং বর্তমানে কোন অবস্থায় আছে তা উল্লেখ করতে বলা হয়েছে। চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠার পর গত ১৭ অগাস্টে স্বতপ্রণোদিত রুলের শুনানিতে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ১৬ অক্টোবর মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে। আদালত বলেছে, ওই দিন ট্রাস্টি বোর্ডের সব সদস্যকে হাজির হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির আয়ের উৎস এবং ব্যয় খাতের বিস্তারিত বিবরণসহ উপস্থাপন করতে হবে। এ ছাড়া ওই নবজাতকের মৃত্যুর ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে ২৫ অগাস্ট হাজির হতে হবে ধানমণ্ডি জোনের পুলিশের সহকারী কমিশনার এবং ধানমণ্ডি থানার ওসিকে। একই দিন মৃত্যুবরণকারী নবজাতকের মা-বাবাকেও আদালতে হাজির হতে বলা হয়েছে। গত ১৭ অগাস্ট চিকিৎসায় অবহেলার অভিযোগে ইবনে সিনার কর্মকর্তা ও কয়েক চিকিৎসককে তলবের পাশপাশি তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা আগামী ১২ দিনের মধ্যে ধানমণ্ডি থানার ওসিকে ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছিলো একই বেঞ্চ। কমিটি গঠনের নির্দেশ আদালত একই সঙ্গে সারা দেশের সব বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছে। ওই কমিটির আহ্বায়ক হবেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সদস্য সচিব হবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আগামী ৯ অক্টোবরের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে। মঙ্গলবার হাসপাতালটির ট্রাস্টি বোর্ডের সাত সদস্য ও দুই চিকিৎসক নয়জন আদালতে হাজির হওয়ার পর এসব নির্দেশনা দেওয়া হয়। আদালতে হাজির হওয়াদের মধ্যে রয়েছেন- ইবনে সিনা হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক সচিব শাহ আব্দুল হান্নান, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এএনএমএ জাহের, মীর কাশেম আলী, অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান, অধ্যাপক একেএম সদরুল ইসলাম, কাজী হারুন আল রশিদ, ডা. আইয়ুব মিয়া এবং দুই চিকিৎসক সাইদা সুলতানা ও আনোয়ারুল আবেদিন। এদিন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার রফিক উল হক, ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু প্রমুখ। দুই ডাক্তারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। আদালতে ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুর রহমান অসুস্থ্য এবং সদস্য মো. আতাউর রহমান বিদেশে থাকায় আদালতে আসতে পারেননি। তিনি তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত অ্যাডভোকেট মুজিবুর রহমান ছাড়া বাকিদের পরবর্তী শুনানির দিন হাজির হওয়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯৫১ ঘ.