ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
সংসদ কাজে ইসি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বলেন, "এ লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে সংলাপে ইভিএম প্রদর্শন ও এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে কমিশন।"
নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টিও যথাসময়ে বিবেচনা করা হবে।
গত বছর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে একটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ হয়।
"নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও পরীক্ষামূলকভাবে কিছু ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়ার বিষয়টি ইসির বিবেচনাধীন রয়েছে," বলেন আজাদ।
গত ৭ জুন থেকে ৭ অগাস্ট ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ৩১টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপে ইভিএমের বিষয়ে মতামত নেয় ইসি।
প্রধান বিরোধী দল বিএনপি এই সংলাপে অংশ নেয়নি। তারা ইভিএম ব্যবহারেরও বিরোধিতা করে আসছে।
ওই সময় সিইসি এটিএম শামসুল হুদা জানান, সবাই মত দিলেই আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করবে ইসি।
চার দিন বিরতির পর মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের দশম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৮২৫ ঘ.
bdnews24