ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক বিভাগের পর এবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. আহসান করিম চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "বন্যা, পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে গ্রামীণ রাস্তা-ঘাট, সেতু ও কালভার্ট রক্ষণাবেক্ষণে সারাদেশে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।"
কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও আহসান করিম জানান।
তিনি জানান, মঙ্গলবার এলজিইডি মিলনায়তনে বিভিন্ন প্রকল্প পরিচালক ও প্রকৌশলীদের সঙ্গে উন্নয়ন প্রকল্প ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বিষয়ে পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও সভায় উপস্থিত ছিলেন।
মহাসড়কগুলোর নাজুক পরিস্থিতির কারণে পরিবহন মালিকরা স¤প্রতি ১৩টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন। এরইমধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সভায় ঈদের আগে সব সড়ক মেরামতের নির্দেশ দিলে গত ১৭ অগাস্ট সড়ক ও জনপথ অধিদপ্তরের সদর দপ্তর, আঞ্চলিক কার্যালয় এবং নির্বাহী প্রকৌশলীদের কার্যালয় ও সংশ্লিষ্টদের ঈদসহ সব ছুটি বাতিল করা হয়।
সারাদেশে এলজিইডির আওতায় প্রায় ২ লাখ ৯০ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাকা সড়কের পরিমাণ ৭২ হাজার কিলোমিটার।
সড়ক রক্ষণাবেক্ষণ কাজে জরুরি ভিত্তিতে ৬২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে মঙ্গলবারের সভায় জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৭৪৮ ঘ.
bdnews24