ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম)- স্থানীয় পর্যায়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার দ্বন্দ্বে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার কথা সংশ্লিষ্ট মন্ত্রী অস্বীকার করলেও প্রতিমন্ত্রী বললেন, উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে ভাইস চেয়ারম্যানকে প্রধান করে কমিটি গঠনে উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্থানীয় সরকারের দুই মন্ত্রী এ কথা জানান।
স্থানীয় সরকার মন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের উত্তর দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
সরকার দলীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের কারণে বিভিন্ন উপজেলায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার কোনো বাস্তব তথ্য এ মন্ত্রণালয়ে পাওয়া যায়নি।
উপজেলা পরিষদের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে করার জন্য বিদ্যমান ও বিধিমালাসহ নানা নির্দেশনার তথ্য তুলে ধরেন তিনি।
তবে সংসদ সদস্য রুহী সংসদে নেত্রকোণায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও'র দ্বন্দ্বের কয়েকটি প্রমাণ তুলে ধরেন।
তিনি বলেন, "উপজেলা চেয়ারম্যান আমার কোনো পরামর্শ তো শুনেই না বরং কাজ ব্যাহত করছে। ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করে আমাদের উন্নয়ন কাজ ব্যাহত করছে। এ কার্যক্রম উস্কানিমূলক।"
চেয়ারম্যানদের বাদ দিয়ে ভাইস চেয়ারম্যানকে সভাপতি করে উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যায় কি না- সংসদের কাছে তা জানতে চান এই সংসদ সদস্য।
জবাবে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, "এটি রাজনৈতিক ও স্পর্শকাতর বিষয়। সংসদ সদস্যের বক্তব্যের সঙ্গে আমি একমত। কিন্তু কারো বাধায় কোনো সরকারি কর্মকাণ্ড ব্যাহত হতে পারে না।"
ভাইস চেয়ারম্যানকে সভাপতি করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
"আমরা একটা বিধি প্রণয়ন করতে যাচ্ছি। ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে ওই কমিটি চেয়ারম্যানের কাছে প্রয়োজনীয় সুপারিশ করবে। চেয়ারম্যানরা দায়িত্বে অবহেলা করলে এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযোগের ভিত্তিতে পৌর মেয়রের বিরুদ্ধে স¤প্রতি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নানক।
সাংসদ এ বি এম আনোয়ারুল হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনীয় নির্দেশনামূলক পরিপত্র মাঠপর্যায়ে দ্রুত পৌঁছে যাবে।
বেলা ২টা ১০মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৭২৫ ঘ.
bdnews24