গাইবান্ধা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ১২ দিন পরও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পল্লী চিকিৎসক তারেকুল ইসলাম তারাকে উদ্ধার করা যায়নি।
তবে সোমবার অপহরণকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তারেকুলের বড়ভাই রজ্জব আলী সাদুল্লাহপুর থানায় একটি অপহরণ মামলা করেছেন।
গত ১২ অগাস্ট ছান্দিয়াপুর গ্রামের তারেকুল ইসলাম তারাকে (৩৫) অপহরণ করা হয়।
গ্রেপ্তার হয়েছেন উপজেলার জয়দেবপুর গ্রামের ছামছুল হক (৫০), সৈয়দ আলী (৪৫) ও আমিনুল ইসলাম (৪০)।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার মামলার বরাত দিয়ে জানান, গত ১২ অগাস্ট সকালে নিজ দোকানের জন্য ঔষধ কিনতে তারেকুল মোটরসাইকেলে উপজেলার মীরপুর হাটের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি।
গত ১৬ অগাস্ট এ ঘটনায় সাদুল্লাহপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারেকুলের বড়ভাই রজ্জব আলী।
ওসি আরো জানান, ১৭ অগাস্ট আতিয়ার নামে স্থানীয় এক ব্যক্তির মাদ্যমে এবং মোবাইল ফোনে অপহরণকারীরা রজ্জব আলীর কাছে তিনলাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৩ ঘ.
bdnews24