২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার স্থায়ী সমাধানে ইছামতি খননের উদ্যোগ

সাতক্ষীরায় বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে ইছামতি নদী খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 05:47 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে ইছামতি নদী খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্য দিয়ে বলে চলা এ নদী খনন করা হবে। সোমবার সন্ধ্যায় নগরীর সুন্দরবন হোটেলে খুলনা বিভাগীয় সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মশিউর রহমান বলেন, "দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে খনন কার্যক্রম শুরু করার জন্য অচিরেই উদ্যোগ নেওয়া হবে।" জলবায়ু পরিবর্র্তনের কারণে সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বন্যা, লবণাক্ততা বৃদ্ধির মতো সমস্যার সৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব সমস্যা তাই একক কোনো জেলার নয়। তাই এর সমাধানের জন্যও প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ। ইছামতির গতিপথ অপরিবর্তিত রাখার জন্য নদীর দুইপাশে বাঁধ নির্মাণের কাজও এগিয়ে চলছে বলে তিনি জানান। বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এম এ কুদ্দুসের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরার স্থানীয় সাংসদ এম এ জব্বার, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক অশোক চন্দ্র হাজরা, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আখতার হোসেন, উপ বন সংরক্ষক মিজানুর রহমান প্রমুখ। এদিকে সোমবার সাতক্ষীরার বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক কপোতাক্ষ, বেতনা ও শালিখা নদী খননের কথা বলেন। গত ১৯ অগাস্ট স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই সাতক্ষীরায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, কপোতাক্ষ ও বেতনা নদী যথাসময়ে খনন করা হয়নি বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওইদিনই সাতক্ষীরা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এলাকার সুধী সমাজ উদ্বেগ প্রকাশ করে বলে, এক মাসের অধিক সময় সাতক্ষীরার সদর ও তালাসহ বিভিন্ন উপজেলার নি¤œাঞ্চল পানির নিচে রয়েছে। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের বরাত দিয়ে সভায় জানানো হয়, জেলায় ক্ষতিগ্রস্ত এলাকা ধরা হয়েছে ৬৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভাকে। দুর্গত মানুষের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ২৪৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/ডিডি/২৩৩৮ ঘ.