২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ ভাগ চালকই অদক্ষ!

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রতিবছর রাস্তায় গাড়ি নামে ৫০ হাজার, আর প্রশিক্ষিত চালক পাওয়া যায় মাত্র ১০ হাজার। বাকি সব চালকই অদক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

মানিকগঞ্জ, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবছর রাস্তায় নামা নতুন গাড়ি এবং চালকের সংখ্যার যে পরিসংখ্যান নৌমন্ত্রী শাজাহান খান দিয়েছেন, তাতে দেখা যায়, গাড়ি চালকদের ৮০ ভাগই অদক্ষ। যদিও অদক্ষদের লাইসেন্স দেওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে এই মন্ত্রীর বিরুদ্ধেই। সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শাজাহান বলেন, "প্রতিবছর রাস্তায় গাড়ি নামে ৫০ হাজার, আর প্রশিক্ষিত চালক পাওয়া যায় মাত্র ১০ হাজার। বাকি সব চালকই অদক্ষ।" স¤প্রতি মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচ জন। এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক দুর্ঘটনায় মারা যায় ৩৯ শিক্ষার্থী। এসব ঘটনার রেশ ধরে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের চাপে অদক্ষদের চালকের লাইসেন্স দেওয়া হয়েছে। অবশ্য লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ নাকচ করে স¤প্রতি শাজাহান বলেন, তিনি এ বিষয়ে বিতর্কে বসতেও রাজি। সোমবার শিবালয়ের টেপড়া বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দক্ষ চালক তৈরিতে বিআরটিসির ট্রেনিং সেন্টারগুলোকে আরো সক্রিয় করার পাশাপাশি জেলা পর্যায়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। পাটুরিয়া ঘাটে দুর্নীতি ও অনিয়ম রোধে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর ঘোষণা দিয়ে নৌমন্ত্রী বলেন, ঈদের সময় অতিরিক্ত যাত্রী বোঝাই করলে লঞ্চের মালিক ও চালকদের (মাস্টারদের) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বর্তমান সরকারের গত আড়াই বছরে পাঁচটি নতুন ফেরি কেনা হয়েছে। আরো নয়টি ফেরি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নদীপথ রক্ষায় তিনটি নতুন ড্রেজার কেনার কথাও তুলে ধরেন তিনি। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহম্মেদ, পুলিশ সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আলী মিয়া, জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আ. সাত্তার মল্লি¬ক এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মিয়া উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় ১৩ অগাস্টের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীরসহ পাঁচ জনের মৃত্যু হয়। মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল মামুন, তার স্ত্রী দিলারা বেগম জলিসহ পাঁচজন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/২২৫৩ ঘ.