ঢাকা, আগস্ট ২২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- 'অদক্ষ ও ব্যর্থ' মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিলে তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী, অদক্ষ মন্ত্রীদের এখনই বিদায় করুন। আসন্ন ঈদে সরকারের পক্ষ থেকে দেশবাসীর জন্য এটাই হবে শ্রেষ্ঠ উপহার।"
এ মাসের শুরুতে বেহাল সড়কের কারণে বেশ কয়েকটি রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। এর পর পরই বিভিন্ন মহল থেকে যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পদত্যাগের দাবি ওঠে। খোদ সরকারদলীয় সংসদ সদস্যরা সংসদে তার পদত্যাগ চেয়ে বক্তব্য রেখেছেন। এ ছাড়া চলতি মসে শেয়ারবাজারে দরপতনের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা অর্থমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন।
পাশাপাশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, "এ ধরনের হত্যাকাণ্ড দেশে আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।"
'গণতন্ত্র ও আইনের শাসন: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ।
গণতন্ত্রের ক্ষেত্রে বঙ্গবন্ধুর শিক্ষা ধারণের পরামর্শ দিয়ে ড. মিজান বলেন, "গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়। সংখ্যালঘুদের আশা আকাক্সক্ষার প্রতিফলন না থাকলে প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়। ভিন্নমতের স্থানও গণতন্ত্রে থাকতে হবে।"
গোয়েন্দা সংস্থাগুলোর বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
"২১ অগাস্ট গ্রেনেড হামলায় গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিলো তা এখন প্রমাণিত। তাই সরকারের এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।"
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, "গণআন্দোলন কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছা-অনিচ্ছার উপর নির্ভর করে না। তাই কথায় কথায় গণআন্দোলনের হুমকি দেওয়া ঠিক নয়।"
বৈঠকে অন্যদের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রব্বানী, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/পিডি/২০২৬ ঘ.
bdnews24