ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে ক্রিকেট ব্যাটের আঘাতে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে সুনিবিড় হাউজিংয়ের স্বপন সেলুনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আকবর শেখ (২৫) এর বাড়ি নড়াইলের কুমারডাঙায়।
নিহতের স্ত্রী রুনা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদরে বলেন, আকবরের খালাতো বোন রুবা আক্তার এক মাস আগে মারা যান। রুবার করা একটি বীমার নমিনি রুনা। রুবার মৃত্যুর পর থেকে বীমার টাকা তোলার জন্য রুবার স্বামী একলাস রুনাকে চাপ দিতে থাকেন।
"রোববার রাতে এ নিয়ে কাটাকাটির এক পর্যায়ে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে একলাসের আঘাতে আকবর গুরুতর আহন হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।"
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/২০১৩ ঘ.
bdnews24