ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব অর্পিত সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের মাঝে ফিরিয়ে দেবেন।
সোমবার ঢাকেশ্বরী মন্দিরের বাইরে জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নিয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক এ উপদেষ্টা।
অনুষ্ঠানে স্বপরিবারে এ উপদেষ্টা ছাড়াও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন ও সেক্টর কমান্ডার সি আর দত্ত উপস্থিত ছিলেন।
শোভাযাত্রার শুরুতে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা গওহর রিজভী হিন্দু স¤প্রদায়ের উদ্দেশ্যে বলেন, "অর্পিত সম্পত্তির বিষয়টা প্রধানমন্ত্রী খুব গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি যত তাড়াতাড়ি সম্ভব তা আপনাদের মাঝে ফিরিয়ে দেবেন।"
হিন্দু স¤প্রদায়ের দাবি অনুযায়ী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে নতুন আইন প্রণয়ন না হলে গত শুক্রবার রাজপথে আন্দোলনের হুমকি দেন সরকারদলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সুরঞ্জিত বলেন, "যেহেতু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কিছুই হয় না, তাই তাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার ডিফেন্স অব পাকিস্তান অর্ডিন্যান্স এবং ডিফেন্স অফ পাকিস্তান রুলস্ জারি করে। এতে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত তৎকালীন পাকিস্তানের সে সব নাগরিক দেশ ত্যাগ করে ভারত যান বা তাদের সম্পত্তি ফেলে ভারতে অবস্থান করেন, তাদের সম্পত্তি শক্র সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়।
সংসদের চলতি অধিবেশনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল ওঠার কথা রয়েছে। গত ৭ ডিসেম্বর এটি সংসদে উত্থাপন করা হয়। পরে বিলটি স্থায়ী কমিটির বৈঠকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১০ আইন হিসাবে কার্যকর হলে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা বেদখল হয়ে যাওয়া ও সরকারের কাছে থাকা অর্পিত সম্পত্তি ফেরত পাবেন।
২০০১ সালের ১১ এপ্রিল আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ জারি করে। এতে অর্পিত সম্পত্তি সংক্রান্ত আগের সব আইন বাতিল করা হয়। তবে নতুন আইন বাস্তবায়নের আগেই বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় গিয়ে তা সংশোধন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/পিডি/১৯৪১ ঘ.
bdnews24