শফিকুল ইসলাম মিলটন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে রাজধানীর অভিজাত বিপণি বিতানগুলোকে সাজানো হয়েছে জমকালো সাজে। মানুষের ভিড়ও রয়েছে, বিক্রি আশানুরূপ নয় বলে বিক্রেতাদের দাবি।
বিক্রেতাদের মতে, বর্তমান অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, যানজট, রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশা বন্ধ করে দেওয়া, সারাদেশে যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থার কারণেই ঈদের বাজারে বেচাকেনা কম হচ্ছে। এছাড়া বৃষ্টির কারণে এ বছর প্রথম থেকেই বাজারে মন্দা চলছে।
তবে এ বছর ব্যবসা ভালো হচ্ছে ফুটপাতের দোকানগুলোতে। ফুটপাতের ব্যবসায়ী ও ক্রেতা, এমনকি বিপণি বিতানের ব্যবসায়ীরাও এ বিষয়ে একমত।
বিপণি বিতানগুলোতে নানা রকম সাজসজ্জা সাজিয়ে রেখে ক্রেতার আশায় বসে থাকলেও কিছু কিছু দোকান দেখা যায় একেবারেই ক্রেতাশূন্য।
বসুন্ধরা সিটি, এলিফ্যান্ট রোড, ইস্টার্ন প্লাজা, নাভানা বেইলি স্টার, বেইলি রোড, নয়া পল্টন, গুলিস্তানসহ মিরপুর রোডের বিভিন্ন দোকান ও বিপণি বিতান ঘুরে এ চিত্র দেখা যায়।
নিউ মার্কেটের প্যারিস ফ্যাশনের বিক্রেতা মো. লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৫ রোজার পর ক্রেতাদের সঙ্গে দরদাম করারই সময় থাকে না। অথচ এবার এখনো হাত গুটিয়ে বসে আছি।"
দোকানদাররা জানান, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিবছরের মতো এবারো নারীদের জন্য দেশীয় শাড়ি, চুড়িদারের সঙ্গে রাখা হয়েছে সালোয়ার, কামিজ, জুতা ও প্রসাধন সামগ্রী। আর পুরুষদের জন্য রয়েছে দেশি বিদেশি শার্ট, টিশার্ট, জিন্স, গ্যাভার্ডিন প্যান্ট, জুতা।
গুলিস্তানের রমনা ভবন মার্কেটের বিক্রেতা খোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর সাধ আর সাধ্যের বিচারে ৫০ শতাংশ ক্রেতার ঈদ কেনাকাটার ভরসা ফুটপাত।
তিনি আরো বলেন, শুধু রাজধানীর বাসিন্দারাই নয়, ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য ঢাকার আশপাশের নিম্ন আয়ের মানুষরাও ঢাকার ফুটপাতের বাজারে আসছে।
নারী-পুরুষ, শিশু, সব বয়সের মানুষের পোশাক, সুগন্ধী, জুতো, রূপসজ্জার সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যায় রাজধানীর ফুটপাতে। তবে এখানে অধিকাংশ পণ্যেরই দামের কোনো সীমা-পরিসীমা নেই। এখানে কেনাকাটায় ঠকার আশঙ্কা যেমন রয়েছে, আবার তুলনামূলক কম দামে ভালো জিনিসটি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
সাধ আর সাধ্যের সমন্বয় ঘটাতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মানুষ আসছে ফুটপাত ও ফুটপাতকেন্দ্রিক বাজারগুলোতে। এ কারণেই ফুটপাতে প্রতিদিনই ভিড় হচ্ছে অগুণতি ক্রেতার।
এসব মার্কেটে কোন জাকজমকপূর্ণ আয়োজন নেই। ভ্যাপসা গরম, তবুও ঈদ বাজারের সবচেয়ে বেশি ভিড় ফুটপাথের দোকানগুলোতেই।
মূলত রাজধানীর গুলিস্তানের চারপাশ, সদরঘাট, বঙ্গবাজার, ফার্মগেট, নিউমার্কেট, মালিবাগ, মৌচাক, মতিঝিল ব্যাংকপাড়া, মিরপুরের বেশ কয়েকটি স্থান, ঢাকা কলেজের সামনে ও মহাখালীতে ফুটপাথকেন্দ্রিক কেনাবেচা জমে।
গুলিস্তান ফুটপাতের শার্ট প্যান্ট বিক্রেতা রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে বেচাকেনা বেশ জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে।
পরিবারের প্রায় সবাইকে নিয়ে শপিং করতে আসা সাবিহা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতি বছর আমরা এলিফ্যান্ট রোডের বিভিন্ন মার্কেট থেকে কেনাকাটা করি। তবে গত বছরের তুলনায় এবছর জামা-কাপড়ের দাম অনেক বেশি।"
এলিফ্যান্ট রোডে জুতার দোকান ফুটওয়্যারের বিক্রেদা নাজিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজানের শুরু থেকে বেচাকেনা ভালোই চলছে, তবে বৃষ্টির কারণে কয়েকদিন ক্রেতা সমাগম কম ছিলো। এখন ক্রেতার সমাগম হলেও বেচাকেনা খুব বেশি হচ্ছে না।
নিউ মার্কেটের প্রসাধন সামগ্রীর দোকান গফুর এন্ড সন্সের গোলাম কিবরিয়া বলেন, সামনে ঈদ আসায় ক্রেতাদের ভিড় বাড়ছে, তবে বেচা কেনা জমে ওঠেনি।
নিু আয়ের মানুষের হাতে টাকা নেই, তাই রোযার শেষের দিকে জামা কাপড় কেনা শেষে যদি হাতে টাকা থাকে তাহলে কসমেটিক্সের ব্যবসা হয়তো জমে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।
নয়া পল্টনে পলওয়েল সুপার মার্কেটের পাইকারি ব্যবসায়ী জামিল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণত তিনটি চালানে ঈদের ব্যবসা হয়ে থাকে। শবে বরাতের পর, রোজার প্রথম দুই-তিন দিনের মধ্যে এবং ১০ থেকে ১৫ রোজার মধ্যে এ চালানগুলো বাজারে আসে।
বেইলি রোডের নাভানা বেইলি স্টার শপিং মলের বুটিক দোকানের ব্যবস্থাপক আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার বাইরে থেকে অনেকে ঢাকায় এসে ঈদের কেনাকাটা করে থাকে। তবে এবছর ইচ্ছে থাকলেও মহাসড়কের যানজট ও স¤প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনাসমূহের কারণে অনেকেই ঈদের আগে ঢাকায় আসতে নিরুৎসাহিত হচ্ছেন।
এদিকে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় অলঙ্কারের দোকানগুলোতে তেমন বেচাকেনা হচ্ছে না। নিউ মার্কেটের সিরাজ জুয়েলার্সের মালিক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বর্ণের দাম এখন অধিকাংশ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এ কারণে ঈদের প্রভাব স্বর্ণের মার্কেটে তেমন পড়েনি।
একই দোকানের বিক্রেতা যোগেশ কৈরি বলেন, সোনার দাম বেশি হওয়ায় রূপাসহ অন্যন্য মেটাল ও ইমিটেশনের অলঙ্ককার এর চাহিদা বেড়েছে।
বসুন্ধরা সিটির ব্যবসায়ী এনামুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজার শুরু থেকেই আমাদের মার্কেটে অনেক ভিড় ছিলো, তবে তখন বেচাকেনা বেশি হয়নি। ভেবেছিলাম ১৫ রমজানের পরে হয়তো বেচাকেনা শুরু হবে।
তিনি বলেন, এবারে গতবারের তুলনায় অন্তত ২০ শতাংশ কম বেচাকেনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কিউএইচ/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24