ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরাণীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার নৌ-টার্মিনালের (আইসিটি) নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে জানিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী বছরের শুরুতেই এ টার্মিনালে পণ্য ওঠানামা (হ্যান্ডলিং) শুরু হবে।
সোমবার পানগাঁওয়ে নির্মাণ কাজের অগ্রগতি দেখার পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে আসা কন্টেইনার নৌ-পথে পরিবহনের সুবিধার জন্য এ টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।
প্রায় ১৭৮ কোটি টাকার এ প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কাজের প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে মন্ত্রীকে জানান প্রকল্প পরিচালক মজিবুর রহমান।
পরিদর্শন শেষে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে শাজাহান খান বলেন, "এই আইসিটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম সড়কপথে চাপ এবং পণ্য পরিবহনের ব্যয় কমে আসবে।"
কাজের মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
অন্যদের মধ্যে স্থানীয় সাংসদ নসরুল হামিদ বিপু, নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদ এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৪১ ঘ.
bdnews24