২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলেদের সঙ্গে সংঘর্ষ, ১০ কোস্টগার্ড সদস্য প্রত্যাহার

জাল আটক করা নিয়ে জেলেদের সঙ্গে সংঘর্ষের জেরে বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা ক্যাম্প থেকে কোস্টগার্ডের ১০ সদস্যকে শুক্রবার রাতে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

বরগুনা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল আটক করা নিয়ে জেলেদের সঙ্গে সংঘর্ষের জেরে বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা ক্যাম্প থেকে কোস্টগার্ডের ১০ সদস্যকে শুক্রবার রাতে প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে পদ্মা ক্যাম্পের দায়িত্ব রয়েছে পাথরঘাটা কোস্টগার্ড কন্টিনজেন্টের হাতে। শুক্রবার সকালে ঘোপজাল ও বেড়াজাল আটক করা নিয়ে কোস্টগার্ডের সঙ্গে পদ্মা গ্রামের জেলেদের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়। এরমধ্যে কোস্টগার্ডেরও নয় জন রয়েছে বলে তারা দাবি করছে। স্থানীয়রা জানায়, এ সময় কোস্টগার্ড শতাধিক রাউন্ড গুলিও ছোঁড়ে। তিন জেলে গুলিবিদ্ধ হয়। 'মাসোহারা' না দেওয়ায় কোস্টগার্ড সদস্যরা জাল আটক করে পুড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে জেলেদের। তবে কোস্টগার্ড এ অভিযোগ অস্বীকার করেছে। কোস্টগার্ড ও পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কোস্টগার্ডের ১২ সদস্যের একটি নতুন দলকে পদ্মা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি পাথরঘাটা থানার ১০ সদস্যের একটি পুলিশ দলও ক্যাম্পে রয়েছে। তবে এই সদস্যরা কেউই ক্যাম্পের দৈনন্দিন কাজ করতে পারবে না বলে জানিয়েছেন পদ্মা ক্যাম্পের দায়িত্বে থাকা পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশিদ। হারুন জানান, পদ্মা ক্যাম্পে কোস্টগার্ডের তৎপরতা স্থগিত রাখা হয়েছে। পুলিশ সদস্যদের ক্যাম্পের ভিতরে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। তারা এর বাইরে কোনো দায়িত্ব পালন করতে পারবে না। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন বলেন, পদ্মা ক্যাম্পে আপাতত কোস্টগার্ডের সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। লে. হারুন-অর-রশিদ জানান, কোস্টগার্ডের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনায় কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন সেলিম রেজা হারুন শনিবার সকাল থেকে তদন্ত শুরু করেছেন। তবে কোস্টগার্ডের খুলনা কার্যালয় থেকে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান। কোস্টগার্ড কর্মকর্তা জানান, কোস্টগার্ডের গুলিতে আহত তিন জনসহ চার জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার ব্যয় কোস্টগার্ড বহন করবে। এদিকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র একটি দলও ঘটনার তদন্ত করছে। ডিজিএফআই বরিশাল কার্যালয়ের সহ-অধিনায়ক মাঈনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্থার বরিশাল কার্যালয় থেকে মেজর মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত দল শনিবার ঘটনাস্থলে গিয়ে জেলেদের সঙ্গে কথা বলেছে। শুক্রবারের সংঘর্ষের সময় নিখোঁজ তিনজনকে অসুস্থ অবস্থায় রাতেই ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরের একটি জঙ্গল থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। তারা হলেন- পদ্মা গ্রামের আবদুর রশিদের স্ত্রী কইতুরী বেগম (৩৫), আবদুল লতিফের ছেলে মানিক (৮) ও পিরোজপুরের সাপলেজা গ্রামের মাসুম। কইতুরী বেগম সাংবাদিকদের জানান, কোস্টগার্ডের পিটুনি খেয়ে হত্যার ভয়ে তারা নদীতে ডুব দিয়ে ও সাঁতরে জঙ্গলে আশ্রয় নেন। তিনি অভিযোগ করেন, কোস্টগার্ড সদস্যরা পদ্মা গ্রামের জেলেদের সঙ্গে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ আছেÑএই ভয় দেখিয়ে সোর্সের মাধ্যমে লাখ লাখ টাকা আদায় করে। জমি-জমার বিরোধ-মীমাংসার নামেও তারা জেলদের কাছ থেকে জোর করে টাকা নেয়। এছাড়া সময়মতো মাসোহারা না পেলে তারা মাছ ও জাল কেড়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোস্টগার্ডের অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে হামলা করেছেন। পাথরঘাটা সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আনসার উদ্দিন জানান, এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তাদের ক্ষোভের কথা জানা গেছে। তাদের ক্ষোভ এখনো কাটেনি। বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, জেলেদের উপর কোস্টগার্ড সদস্যদের অত্যাচারে পাথরঘাটার জনগণ ক্ষুব্ধ। তারপরও জেলেদের নামে মামলা করা হলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে জানান, এখনো কোনো পক্ষ মামলা করেনি। বরগুনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম সবুর টুলু বলেন, জেলেদের উপরে নির্যাতনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৩৫ ঘ.