২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে রক্ষায় ঐক্যবদ্ধ হোন: আশরাফ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এখনো অব্যাহত উল্লেখ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এখনো অব্যাহত উল্লেখ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার বলেছেন, "শেখ হাসিনাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাকে হত্যাচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। সে দায়িত্ব সুচারুভাবে তখনি পালন করতে পারব যখন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারব। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।" ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন আশরাফ। যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় আশরাফ এ সকল কথা বলেন। তিনি বলেন, "৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পরে বিভিন্নভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ওই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা। ওয়ান ইলেভেনের সময়ে কারাগারে বিষ প্রয়োগ করেও হত্যার চেষ্টা করা হয়।" ২০০৭-০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশেষ কারাগারে আটক থাকা শেখ হাসিনা পরে বিভিন্ন সময় বলেছেন, কারাগারে তাকে 'স্লো পয়জনিং' করার চেষ্টা হয়েছিলো। আশরাফ বলেন, "গণতন্ত্রকে রক্ষা করাও নৈতিক দায়িত্ব। অনেক রক্তচক্ষুকে উপেক্ষা করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পেরেছি। দলের ভেতর ও বাইরে থেকে বারবার শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে।" "পত্র-পত্রিকা ও টেলিভিশন টক'শোগুলো বিশ্লেষণ করলে কারা কারা এর সঙ্গে জড়িত এবং কারা তাকে মাইনাস করতে চায় আমরা দেখতে পাব।" অনেক লড়াই-সংগ্রামের ভেতর দিয়ে শেখ হাসিনাকে কারাগার থেকে বের করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে রক্ষা করা গেছে- উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, "তবে সব সত্য বলার সময় এখনো আসেনি। সময় আসলে সব জনসমক্ষে প্রকাশ করব।" গণতন্ত্র রক্ষার জন্য নির্ভিক ও সৎ সাংবাদিকতার প্রয়োজনীয়তা উল্লেখ করে আশরাফ বলেন, "আমরা উন্মুক্ত মিডিয়ায় বিশ্বাস করি। মিডিয়ার দায়িত্ব সত্য প্রকাশ করা। গণতন্ত্র রক্ষা করার জন্য যেমন রাজনীতিকদের ঐক্য প্রয়োজন রয়েছে। তেমনি সাংবাদিকদের উচিত ঐক্যবদ্ধ হওয়া।" "সব রিপোর্ট বস্তুনিষ্ঠ নয়। সব সাংবাদিক সাংবাদিক নয়।" যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ সাধারণ সম্পাদক মীর্জা আজম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০৩০ ঘ.