২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের প্রতিষ্ঠানকে কোটি টাকা জরিমানা

গিয়াস উদ্দিন আল মামুনের দুই প্রতিষ্ঠানকে অবৈধতা ও দূষণের দায়ে মোট সাড়ে চার কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

গাজীপুর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গিয়াস উদ্দিন আল মামুনের দুই প্রতিষ্ঠানকে অবৈধতা ও দূষণের দায়ে মোট সাড়ে চার কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে স্থাপিত ডেনিম মিলস লিমিটেড ও ওয়ান স্পিনিং মিলস লিমিটেড নামে প্রতিষ্ঠান দুটিকে শনিবার যথাক্রমে এক কোটি ৭৫ লাখ ও দু কোটি ৬০ লাখ টাকা জরিমানা করে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দূষণরোধী এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) পরিচালনায় ত্র"টি ও অনিয়মের কারণে ওয়ান ডেনিমকে আলাদাভাবে ১৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভাওয়াল উদ্যানের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে স্থাপিত কারখানা দুটির জরিমানা আদায়ের পর সেগুলো অপসারণের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক সহযোগী গিয়াস উদ্দিন আল অর্থ পাচার মামলায় কারাগারে আটক রয়েছেন। গাজীপুর জেলা পুলিশের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠান দুটির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী ও মহাব্যাবস্থাপক মো. সিরাজ এ সময় উপস্থিত ছিলেন। "শনিবার ব্যাংক বন্ধ থাকায় জরিমানার টাকা নেওয়া সম্ভব হয়নি। কাল (রোববার) থেকে তিন কিস্তিতে দ্রুত টাকা পরিশোধ করতে বলা হয়েছে।" কারখানা দুটি গাজীপুর সদর উপজেলার ভাওরাইদ এলাকায় রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের দক্ষিণে আড়াইশ প্রসাদ মৌজায় অবস্থিত। কারখানা দু'টি বেআইনিভাবে স্থাপন করা হয়েছে উল্লেখ করে পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। ২০০৫-০৬ সালে স্থাপিত কারখানা দুটি পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করলেও সংরক্ষিত এলাকার কারণে ছাড়পত্র দেয়নি অধিদপ্তর। গত এক বছরে পরিবেশ অধিদপ্তর পরিচালিত অভিযানে এটিই সর্বোচ্চ জরিমানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/১৯৩৬ ঘ.