রংপুর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর শনিবার দুপুরে এ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বিকাল ৪টা থেকে আবার যান চলাচল শুরু হয়েছে।
বাস-ট্রাক টার্মিনাল সংস্কার এবং মহাসড়কে নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছিল।
এর ফলে শনিবার সকাল থেকে ঢাকাসহ আন্তঃজেলা ও অভ্যন্তরীণ ২৬টি রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ ছিল। ট্রাক, ট্যাংক লরি, পিক আপও চলেনি।
দুপুর পৌনে ১২টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বিএম এনামুল হকের সভাপতিত্বে এ বৈঠকে পুলিশ সুপারিনটেনডেন্ট সালেহ মো. তানভীরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান রাঙ্গা, জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল মনসুর আহাম্মেদ, মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিয়ার রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোকসেদ আলী, সাধারণ সম্পাদক এম এ মজিদ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে শ্রমিকদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা শেষে টার্মিনাল ও ঢাকা কোচ স্ট্যান্ড সংস্কারের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলে মোটর শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১১ ঘ.
bdnews24