ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারের প্রচেষ্টার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার বহুমুখীকরণের কথাও বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী শনিবার গণভবনে গোপলগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএসটিইউ) শিক্ষার্থী ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা চেষ্টা সরকারের রয়েছে। "আমরা চাই ঘরের ভাত খেয়ে ছেলে-মেয়েরা যেন উচ্চ শিক্ষা নিতে পারে", বলেন তিনি।
শিক্ষাকে বহুমুখী করায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে হাসিনা বলেন, "দেশে ও দেশের বাইরে বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে। আমরা চাই, আমাদের ছেলে-মেয়েরা তা গ্রহণ করুক।"
এ বছর শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে যাত্রা শুরু করছে বিএসএমআরএসটিইউ। সরকারি মোবাইল অপারেটর টেলিটক থেকে এসএমএম পাঠিয়ে বিএসএমআরএসটিইউ'র ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যাচ্ছে।
ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক সাবরিনা হোসেন তিশা এবং রিয়াজুল ইসলাম গণভবনে প্রধানমন্ত্রীর পাশে বসে এসএমএস পাঠিয়ে তাদের ভর্তি পরীক্ষার পিন নম্বর সংগ্রহ করেন।
আবেদনকারীকে বিএসএমআরএসটিইউ লিখে স্পেস দিয়ে মাধ্যমিক পরীক্ষার বোর্ডের কোড নম্বর, আবার স্পেস দিয়ে ক্রমিক নম্বর এবং স্পেস দিয়ে পাসের সাল লিখতে হবে। পরে আবার স্পেস দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষা বোর্ডের কোড, স্পেস দিয়ে ক্রমিক নম্বর এবং স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ভর্তি ফি'র পরিমাণ এবং একটি পিন নম্বর জানিয়ে দেওয়া হবে। আবেদনকারী সম্মত হলে ণ লিখে ফিরতি এসএমএসের জবাব দেবেন। পরে পিন নম্বর ও দু'কপি ছবি নিয়ে পরীক্ষা কেন্দ্রে চলে গেলেই পরীক্ষা দেওয়া যাবে।
নতুন এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে গোপালগঞ্জের স্কুল ও কলেজগুলোতে। আবেদনকারীরা কে কোন কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন- তা পরে জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বিত্তশালীদের শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহায়তার আহবান জানিয়ে বলেন, এ দু'খাতে অনুদান দিলে তারা কর রেয়াত পাবেন।
দারিদ্রমুক্ত জাতি গড়তে শিক্ষার হার শতভাগ করার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, "আমরা দারিদ্র্য দূর করতে পারবো, যদি আমরা শিক্ষার হার শতভাগ নিশ্চিত করে একটি নিরক্ষরমুক্ত জাতি গড়তে পারি।"
শিক্ষার ক্ষেত্রে গণমাধ্যমে হতাশাজনক খবর প্রচার না করে ইতিবাচক সংবাদ প্রচারের তাগিদ দেন হাসিনা।
তথ্যপ্রযুক্তি ব্যবহারে সবাইকে উৎসাহিত করে তিনি বলেন, "ইউনিয়ন তথ্য কেন্দ্রগুলো স্থাপনের পর দেশে 'নীরব বিপ্লব' হয়ে গেছে। বলতে গেলে বাংলাদেশ ডিজিটাল পদ্ধতিতেই চলছে।"
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার জন্য আইন করে গেলেও পরে চারদলীয় জোট সরকার সে কার্যক্রম এগিয়ে নেয়নি বলে জানান প্রধানমন্ত্রী।
বিএসএমআরএসটিইউ'য়ের ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "শোকের মাসে এই কাজে আমি আনন্দিত। দুঃখের মধ্যেও শান্তি পাচ্ছি।"
আওয়ামী লীগ ছাড়া অন্য সরকারের সময়ে গোপালগঞ্জ বঞ্ছনার শিকার হয়েছে দাবি করে হাসিনা বলেন, ১৯৯৬ এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৈরীর উদ্যোগ নিলেও চারদলীয় জোট সরকারের সময় বিএসএমআরএসটিইউ'য়ের কাজ বন্ধ করে দেওয়া হয়।
চলতি বছর এ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও মানবিক অনুষদে ১৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এসএমএসের মাধ্যমে ভর্তি কার্যক্রম শনিবার থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে।
গণভবনে এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী ও বিএসএমআরএসটিইউ'র উপাচার্য এম খায়রুল আলম খান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮০০ ঘ.
bdnews24