২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

এক দিনে ৫ হাজার ৭৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করে উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বিদ্যুৎ বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 04:24 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দিনে ৫ হাজার ৭৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করে উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে ৫ হাজার ৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগে দিনে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন হয়েছিলো গত ৩ অগাস্ট ৫ হাজার ২৫ মেগাওয়াট। গত বৃহস্পতিবার রাতে উৎপাদনের পরিমাণ ছিলো ৪ হাজার ৯৩০ মেগাওয়াট। বর্তমানে দেশে বিদ্যুতের বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে ৫ হাজার মেগাওয়াট। চাহিদার সঙ্গে উৎপাদনের ফারাক থাকায় লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে। তবে চাহিদা ও উৎপাদনের ফারাক কমে আসছে বলে জানালেন বিদ্যুৎ বোর্ডের জনসংযোগ কর্মকর্তা। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর এ পর্যন্ত ১ হাজার ৯২২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এ বছর নাগাদ আরো ১ হাজার মেগাওয়াট যোগ হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ৬ হাজার ৭২৭ মেগাওয়াট। এর মধ্যে ৩ হাজার ৫৩৪ মেগাওয়াট সরকারি খাতের এবং ৩ হাজার ১৯৩ মেগাওয়াট বেসরকারি খাতের উৎপাদন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১০১০ ঘ.