মৌলভীবাজার, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিমুলতলা এলাকায় ধলাই নদীর ভাঙন চলছে।
এতে এলাকার মণিপুরী সম্প্রদায়ের লেকাজন আতঙ্কিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রামের অনিল কুমার সিংহের বাড়ি ধলাই নদীতে হারিয়ে গেছে। ওই পরিবারের লোকজন এখন বাস করছেখোলা আকাশের নিচে।
এর আগে পাশের হীরামতি গ্রামের অন্তত ১৫টি বাড়ি এই নদীতে বিলীন হয়েছে।
অনিল কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ধলাই নদীতে পাহাড়ি ঢল নামার পর বাড়ির সীমানায় বিশাল ফাটল দেখা দেয়। বৃহস্পতিবার সকালে বাড়িঘর তলিয়ে গেছে নদীগর্ভে।
"এরপর থেকে স্ত্রী, সন্তান নিয়ে খোলা আকাশের নিচে আছি। কেউ আমাদের খবর নেয়নি," বলেন তিনি।
বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ জানান, এ নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে শিমুলতলা গ্রামের চন্দ্রমনি সিংহ, প্রভাত সিংহ, পরীক্ষিত সিংহ, কমলাকান্ত সিংহ, প্রফুল্ল সিংহ, ব্রজ সিংহ, রমাকান্ত সিংহ, ভবেশ সিংহ, গৌরা মালাকারেরসহ আরো অন্তত ২০টি বাড়ি।
পুরো গ্রামে এখন ছড়িয়ে পড়েছে নদী ভাঙনের আতঙ্ক।
তিনি বলেন, এর আগে হীরামতি গ্রামের রাজকুমার সিংহ, চূড়ামনি সিংহ, মনিলাল সিংহ, মদন সিংহ, লোকাই সিংহ, তমাল সিংহসহ ১৫ জনের বাড়িঘর ধলাই নদীতে নিশ্চিহ্ন হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৪ ঘ.
bdnews24