২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণক্ষতি অনেকাংশে পোষানো যাবে: আশরাফ

অর্পিত সম্পত্তি আইন সংশোধনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি অনেকাংশে পুষিয়ে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 06:02 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি আইন সংশোধনের মাধ্যমে শতভাগ না হলেও হিন্দু সম্প্রদায়ের ক্ষতি অনেকাংশে পুষিয়ে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাতে চট্টগ্রাম জে এম সেন হল প্রাঙ্গণে আয়োজিত ধর্ম মহাসম্মেলনে তিনি বলেন, "যে কালো আইনের মাধ্যমে হিন্দু স¤প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সে ক্ষতি পোষাতেই এ আইন পাস হবে। ক্ষতিগ্রস্তরা প্রাথমিকভাবে শতভাগ উপকৃত না হলেও অনেকাংশে সুফল পাবেন।" এর আগে সকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আইন সংশোধন নয়, হিন্দু সম্প্রদায়ের দাবি অনুয়ায়ী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে নতুন আইন করতে হবে। তা না হলে রাজপথে আন্দোলনের হুমকি দেন তিনি। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন কতোটা সংশোধন হবে- তা স্পষ্ট না করলেও সন্ধ্যায় ধর্ম মহাসম্মেলনে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আশরাফ বলেন, "আপনাদের বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে এটি হবে যুগান্তকারী আইন।" ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার ডিফেন্স অফ পাকিস্তান অর্ডিন্যান্স এবং ডিফেন্স অফ পাকিস্তান রুলস্ জারি করে। এতে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত তৎকালীন পাকিস্তানের সে সব নাগরিক দেশ ত্যাগ করে ভারত যান বা তাদের সম্পত্তি ফেলে ভারতে অবস্থান করেন, তাদের সম্পত্তি শক্র সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়। ২০০১ সালের ১১ এপ্রিল আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন জারি করে। এতে অর্পিত সম্পত্তি সংক্রান্ত আগের সব আইন বাতিল করা হয়। তবে নতুন আইন বাস্তবায়নের আগেই বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এসে তা সংশোধন করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার আবার তা সংশোধনের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে গত ৭ ডিসেম্বর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল সংসদে উত্থাপন করা হয়। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। চলতি অধিবেশনেই আবার বিলটি সংসদে ওঠার কথা রয়েছে। ধর্ম বিষয়ে তেমন জ্ঞান নেই- এমন দাবি করে আশরাফ বলেন, "আমি অসাম্প্রদায়িক ও মানবতার পক্ষের পরিবারে বড় হয়েছি। ধর্ম মানুষকে কেবল ঐক্যবদ্ধই করে না, বিভক্তও করে। পৃথিবীতে ধর্ম নিয়ে হানাহানির মাধ্যমে যতো প্রাণ গেছে, আর কোনো কারণে এতো প্রাণহানি হয়নি।" ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন হয়েছে সে ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না- উল্লেখ করে তিনি বলেন, "ধর্মের নামে কারো প্রতি অবিচার, অনাচার করা যাবে না- এটাই মহাজোট সরকারের প্রতিজ্ঞা।" জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে ধর্ম মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ ও চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কৈবল্যধামের মোহন্ত মাহারাজ অশোক কুমার চট্টোপাধ্যায়। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ। অন্যদের মধ্যে পরিষদের আহ্বায়ক দেবাশীষ পালিত ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন বক্তব্য দেন। শুক্রবার সকালে শোভাযাত্রার মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/জেকে/২৩৪৫ ঘ.