২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরকাতুল জিহাদ'র আমির ইয়াহিয়া রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান আমির মাওলানা মো. ইয়াহিয়া ও তার দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

কিশোরগঞ্জ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান আমির মাওলানা মো. ইয়াহিয়া ও তার দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। শুক্রবার কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ আইজউদ্দিন এ আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জিঞ্জাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। গত বুধবার রাত আড়াইটার দিকে র‌্যাব'র ঢাকা প্রধান কার্যালয়ের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কে কিশোরগঞ্জের ভৈরবের দুর্জয় মোড় থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামসহ বেশ কিছু জেহাদি বইও উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোশারফ হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার ভৈরব থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। হুজির আমির ইয়াহিয়া (৬০) একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলা, রমনা বটমূলে বোমা বিস্ফোরণ মামলা ও কোটালিপাড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থলে বোমা হামলার পরিকল্পনার মামলার আসামি। এতদিন তিনি পালিয়ে ছিলেন। হুজির আমির শেখ ফরিদ গত ২৬ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর ইয়াহিয়া ওই পদে দায়িত্ব পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২৫ ঘ.