মাগুরা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার নবগঙ্গা নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে শুক্রবার সকালে।
বৃহস্পতিবার বিকালে শহরতলীর পারলা এলাকায় বাড়ির পাশেই নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
মৃত শামীম (১০) স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে পারলা গ্রামের এনামুল বিশ্বাস ও কহিনুর বেগমের ছেলে।
শামীমের প্রতিবেশী মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে শামীম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় পরিবারের লোকজন ও এলাকাবাসী।
শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় জেলেরা একটি পাটের জাগের (নদীতে ভেজানোর জন্য রাখা পাট) তল থেকে লাশ উদ্ধার করে বলে জানান মারুফ।
ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক হুমায়ুন কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০৫৫ ঘ.
bdnews24