২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণ পালন নীতিমালার সংস্কার চায় ডব্লিউটিবি

অবৈধভাবে হরিণ শিকার বন্ধে 'হরিণ পালন নীতিমালা' কার্যকর ভূমিকা রাখতে পারবে না মন্তব্য করে এর সংস্কার দাবি করেছেন ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের (ডব্লিউটিবি) প্রধান নির্বাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 07:32 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে হরিণ শিকার বন্ধে 'হরিণ পালন নীতিমালা' কার্যকর ভূমিকা রাখতে পারবে না মন্তব্য করে এর সংস্কার দাবি করেছেন ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের (ডব্লিউটিবি) প্রধান নির্বাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার কসমস সেন্টারে ডব্লিউটিবি আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, "হরিণ গবাদি পশু নয়। বনাঞ্চলে মুক্ত পরিবেশে থাকতেই অভ্যস্ত এ প্রাণী। লোকালয়ে ব্যাপক হারে হরিণ পালন শুরু হলে একদিকে প্রাণীটি সহজাত বৈশিষ্ট হারাবে, অন্যদিকে সুন্দরবনের জীববৈচিত্র ও বাস্তুসংস্থান হুমকির মুখে পড়বে।" বাংলাদেশ বন্যপ্রাণী আইন (সংরক্ষণ, সংশোধন), ১৯৭৪-এর আওতায় সরকার গতবছর চিত্রল হরিণ লালন-পালন সংক্রান্ত নীতিমালা অনুমোদন করে। এতে লোকালয়ে চিত্রল হরিণ লালন-পালন ও ক্রয়-বিক্রয় করার অনুমতি দেওয়া হয়। এই নীতিমালার সমালোচনা করে আনোয়ারুল ইসলাম বলেন, "নীতিমালার পঞ্চম ধারায় (শর্তাবলী) বলা হয়েছে, সংখ্যাধিক্য বা অন্য কোনো কারণে বনবিভাগ চিত্রল হরিণ বিক্রি করতে পারবে। এখানে 'অন্য কোনো কারণ' বিষয়টি দিয়ে কী বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া নীতিমালায় ৫ এর (ড) ধারায় বলা হয়েছে, চিত্রল হরিণ পূর্ণবয়স্ক হলে তার মাংস কনজিউম করা যাবে।" নীতিমালায় এ ধরনের সুযোগ থাকায় হরিণ হত্যা বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিশ্বব্যাপী অস্ত্র ও মাদকের মতো বন্যপ্রাণী হত্যা ও পাচারও একটি 'লাভজনক আন্ডারগ্রাউন্ড ব্যাবসা'- এমন মন্তব্য করে অধ্যাপক আনোয়ার বলেন, "এ নীতিমালার মাধ্যমে সুন্দরবনের হরিণ শিকারকে বৈধতা দেওয়া হয়েছে।" "তাছাড়া বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে হরিণ পালন যথেষ্ট লাভজনক কিছুও নয়," যুক্তি দেন তিনি। বন্যপ্রাণী রক্ষায় আইনের প্রয়োগ এবং গণসচেতনতা তৈরির বিকল্প নেই বলেও উল্লেখ করেন এই গবেষক। সংস্থার কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী রক্ষায় ডব্লিউটিবি ২০০৮ সাল থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যুগপৎ কাজ করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/০১২৭ ঘ.