রাজশাহী, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীতে অর্থ লুটের অভিযোগে মহানগর পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একইসঙ্গে মহানগর (আরএমপি) পুলিশের সদর সহকারী কমিশনার (সদর) তৌফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে।
বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- রাজপাড়া থানার এসআই মাসুদ রানা ও মতিউর রহমান, কনস্টেবল আতিকুর রহমান, গোলাম মোস্তফা, আখতার হোসেন, ইসলাম হোসেন ও সবুজ মিয়া।
রাজপাড়া থানার ওসি মোকাররম ওই পুলিশ সদস্যদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাতে নগরের ঝাউতলা এলাকার চিকিৎসক এআর বসুনিয়ার বাড়ি থেকে অর্থ লুটের ঘটনা ঘটে।
বসুনিয়ার শ্যালক মাসুদুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বাড়িতে ভারতীয় অবৈধ রসুন মজুদ রয়েছে অভিযোগে পুলিশের একটি দল রাত ৮টার দিকে তল্লাশি চালায়। এসময় পুলিশ লাখ টাকা দাবি করে। দাবির মুখে তার বোন ফাতেমা বেগম রাতেই ৯০ হাজার টাকা জোগাড় করে দেন।
মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) মোর্শেদুল আনোয়ার খান সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে কথায় অসংলগ্নতা পাওয়া গেছে। ফলে সাময়িকভাবে তাদের বরাখাস্ত করা হয়েছে।
"তৌফিকুল ইসলামকে আরএমপির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে বরখাস্ত করতে পুলিশ সদর দপ্তরে সুপারিশ করা হয়েছে।"
তিনি বলেন, ওই চিকিৎসক অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০০০ ঘ.
bdnews24