২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিক এম এন চৌধুরী মারা গেছেন

সাবেক কূটনীতিক মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক কূটনীতিক মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় রাজধানীর বনানীর নিজ বাসভবনে ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্রচার বিভাগের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। পাকিস্তান ফরেন সার্ভিসের (পিএফএস) ৪৯তম ব্যাচের কর্মকর্তা নুরুল ইসলাম নেপালে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরুল ইসলাম ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লাগোস, কায়রো, রিয়াদ ও মিয়ানমারে বাংলাদেশের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে যাওয়া নুরুল ইসলাম পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের শ্বশুর। ২২ অগাস্ট পাবনা জেলার বাঘা উপজেলায় নিজ গ্রামে তাকে দাফন করা হবে। শুক্রবার জুমার পর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) মসজিদে তার প্রথম জানাজা হবে। রোববার সকালে তার মরদেহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হবে। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর্স গোল্ড মেডাল পেয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকতাও করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/২৩০৮ ঘ.