২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সওজ প্রধান প্রকৌশলীর পদত্যাগ নিয়ে ধূম্রজাল

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) শাহাবউদ্দিনের পদত্যাগের খবর নিয়ে অস্পষ্টতা সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) শাহাবউদ্দিনের পদত্যাগের খবর নিয়ে অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। সড়কের নাজুক দশা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে সরকার সড়ক বিভাগের কয়েকজন নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার ও বদলি করার পর বৃহস্পতিবার সকালে প্রধান প্রকৌশলীর পদত্যাগের খবর পাওয়া যায়। বিভাগের কর্মচারীরা শাহাবউদ্দিন স্বাক্ষরিত 'স্বেচ্ছায় অবসরে যাওয়ার' আবেদনের কথিত একটি অনুলিপিও সাংবাদিকদের সরবরাহ করেন। তবে যোগাযোগ মন্ত্রাণালয়ের সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খান দাবি করেছেন, এ ধরনের কোনো আবেদন তিনি পাননি। এ বিষয়ে কথা বলার জন্য শাহাবউদ্দিনের মোবাইলে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। অবশ্য সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শাহাবউদ্দিন দুপুরে সচিব বরাবর স্বেচ্ছা অবসরের চিঠি পাঠিয়েছেন। এদিকে প্রধান প্রকৌশলীর 'স্বেচ্ছায় অবসর' নেওয়ার খবরে বৃহস্পতিবার দুপুরে সড়ক ভবনে 'আনন্দ মিছিল' করেছেন সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের একদল নেতাকর্মী। শাহাবউদ্দিন স্বাক্ষরিত ওই আবেদনের অনুলিপিতে বলা হয়েছে, "মুক্তিযোদ্ধা গণকর্মচারী হিসেবে প্রত্যয়ণের ভিত্তিতে ৫৭ বছরের পরিবর্তে আগামি ১৮ নভেম্বর ৫৯ বছরে আমার সরকারি চাকরি হতে অবসর গ্রহণের কথা। কিন্তু আমার ডায়াবেটিসের মাত্রা ও উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়ায় শারীরিক অসুস্থতাজনিত কারণে এবং চাকরিকাল ২৫ বছরের অধিক হওয়ায় আমি স্বেচ্ছায় অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।" সওজের প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিবুল¬াহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান প্রকৌশলী তার কার্যালয় থেকে বের হয়ে গেছেন। তবে তিনি কোথায় গেছেন সে বিষয়ে আমরা কেউই অবহিত নই।" সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান প্রকৌশলীর স্বেচ্ছায় অবসরের খবরে দুপুরের পর শতাধিক কর্মচারী সড়ক ভবনে আনন্দ মিছিল করে। "তার (শাহাবউদ্দিন) নানা দুর্নীতির কারণেই দেশের যোগাযোগ ব্যবস্থার এই দশা," অভিযোগ করেন তিনি। শাহাবউদ্দিন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর চাকরি নিয়েছিলেন- এমন দাবি করে বাংলাদেশ সড়ক জনপথ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান ঝুমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন দুর্নীতিবাজের হাত থেকে সওজ পরিত্রাণ পেলো।" সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) শাহাবউদ্দিনের বিরুদ্ধে কোনা ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খান বলেন, "এ বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।" সড়কের অবস্থা খারাপ হওয়ায় স¤প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে গাজীপুর হয়ে ১৩টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা। শনিবার মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক (মিশুক) মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর সড়কগুলোর অবস্থা নতুন করে আলোচনায় আসে। ফলে যোগাযোগমন্ত্রীকে অপসারণের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ঈদের আগে সব সড়ক মেরামতের নির্দেশ দিলে বুধবার সড়ক বিভাগে ঈদসহ সব ছুটি বাতিল করা হয়। একইসঙ্গে কয়েকজন নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার ও বদলির আদেশ দেয় সড়ক বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএইচএ/জেকে/জিএনএ/১৮৩৩ ঘ.