২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। নতুন তারিখ ঠিক হয়েছে ২৩ অগাস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 08:57 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। নতুন তারিখ ঠিক হয়েছে ২৩ অগাস্ট। সাঈদীর আইনজীবীদের আবেদনে বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি মুলতবি করেন বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাঈদীর অপরাধ আমলে নেওয়ার বিরুদ্ধে তার আইনজীবীদের করা পুনর্বিবেচনার আবেদন ট্রাইব্যুনাল সরাসরি খারিজ করে দিয়েছে। আদালতের আরেক নির্দেশনায় বলা হয়েছে, সাঈদীর বিরুদ্ধে আনা প্রসিকিউশনের সরবরাহকৃত অস্পষ্ট দলিল সাক্ষ্য হিসাবে গণ্য করা হবে না। পাশাপাশি সাঈদীর সঙ্গে কারাগারে তার আইনজীবীদের একান্তে আলাপের আবেদনে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে সাঈদীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন ও অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ও সৈয়দ হায়দার আলী। রিভিউ আবেদন খারিজ শুনানির শুরুতে সাঈদীর আইনজীবী ব্যরিস্টার তানভীর আহমেদ আল আমিন অপরাধ আমলে নেওয়ার আদেশ পুনর্বিবেচনার আবেদন উপস্থাপন করে বলেন, ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে অপরাধ আমলে নিয়েছে। অথচ আইনে ওই সব অপরাধ স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি। এ সময় আদালত বলে, ১৯৭১ সালে এই অপরাধের যে শাস্তি ছিলো। পরবর্তীতে করা আইনে এর চেয়ে বেশি শাস্তি দেওয়া যাবে না। আর আমরা বিচার করছি, ১৯৭৩ সালের আইন অনুযায়ী। "অপরাধের সংজ্ঞায়ন আমাদের আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে। তাই এটা আন্তর্জাতিক আইন থেকে উল্লেখের প্রয়োজন নেই।" আদালত বলেন, অপরাধ আমলে নেওয়ার পর্যায়ে দেখা হবে- সেখানে অপরাধ হয়েছে কি-না। কে অপরাধ করেছে তা বিচারের পর নির্ধারিত হবে। এসময় আদালত সাঈদীর আইনজীবীকে সতর্ক করে বলেন, "এমন কোনো যুক্তি উপস্থাপন করবেন না, যার ভিত্তিতে নির্দেশ দিলে পরবর্তীতে আপনারা বিপদে পড়ে যাবেন।" এরপর আদালত সাঈদীর অপরাধ আমলে নেওয়ার বিরুদ্ধে তার আইনজীবীদের করা পুনর্বিবেচনার আবেদন সরসরি খারিজ করে দেয়। খারিজের আদেশে ২০ জন সাক্ষীর দেওয়া বক্তব্য তুলে ধরে আদালত বলে, এই অভিযুক্ত (সাঈদী) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় খুন, লুটপাট, নির্যাতন, ধর্ষণ, অপহরণ ইত্যাদি করেছেন বলে সাক্ষ্য পাওয়া গেছে। শুনানির নতুন দিন ধার্য আদালত প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে ডেকে জিজ্ঞেস করেন, তারা অভিযোগ গঠনের শুনানির জন্য প্রস্তুত আছেন কি না। এতে ইতিবাচক জবাব দেন টিপু। কিন্তু সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশন যে ৯৭ পৃষ্ঠা দলিল সরবরাহ করেছে তার ৭৫ পৃষ্ঠাই অস্পষ্ট। মক্কেলের সঙ্গে একান্তে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এই পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠনের শুনানি ঈদের পর শুরুর আবেদন করেন তাজুল। পরে আদালত ২৩ অগাস্ট শুনানির পরবর্তী দিন নির্ধারণ করে আদেশ দেয়। পাশাপাশি আইনজীবীকে সাঈদীর সঙ্গে দেখা করার সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২৩০৬ ঘ.