২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচকদের টক শো-তে চান শাজাহান

গাড়িচালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিয়মনীতি উপেক্ষার অভিযোগের জবাব টক শো-তে দিতে চান নৌমন্ত্রী শাজাহান খান। এ শ্রমিক নেতার দাবি, তার সম্পর্কে না জেনেই মন্তব্য করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 07:37 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিয়মনীতি উপেক্ষা করাই সড়ক দুর্ঘটনার মূল কারণ বলে যে অভিযোগ উঠেছে, তা নাকচ করলেন নৌমন্ত্রী শাজাহান খান। পরিবহন শ্রমিকদের এ নেতা বললেন, এ নিয়ে তিনি বিতর্কে বসতেও রাজি। শাজাহান খান বৃহস্পতিবার তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "স¤প্রতি গণমাধ্যমে আমার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যারা এ প্রশ্ন তুলছে, তাদের আমার সম্পর্কে জেনে মন্তব্য করা উচিৎ। আমাকে নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদের সঙ্গে আমি টক শো'তে বসতে প্রস্তুত।" কোনো ধরনের চাপ প্রয়োগ করে নয় বরং নিয়ম মেনেই চলকদের লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়েছে, বলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি। চালকদের লাইসেন্স ও অন্যান্য কাজের জন্য সড়ক পরিবহন খাতে আলাদা মন্ত্রণালয় গঠনের পক্ষেও মত প্রকাশ করেন তিনি। স¤প্রতি মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান সম্পাদক আশফাক মুনীরসহ পাঁচ জন। এর আগে চট্টগ্রামের মিরসরাইয়ে এক দুর্ঘটনায় মারা যায় ৩৯ শিক্ষার্থী। এসব ঘটনার রেশ ধরে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের চাপে অদক্ষ চালকদের লাইসেন্স দেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানাতেই বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকেন তিনি। এ অভিযোগ নাকচ করে মন্ত্রী বলেন, "চালকদের ফিল্ড টেস্টের মাধ্যমে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই সিদ্ধান্তে তালিকা অনুযায়ী বিনা টেস্টে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার জন্য বলা হয়নি।" বেশিরভাগ চালকরা শুধু অক্ষরজ্ঞান সম্পন্ন হয় জানিয়ে শাজাহান বলেন, লিখিত পরীক্ষা থেকে চালকদের অব্যাহতি দিয়ে শুধু দক্ষতা যাচাই করে লাইসেন্স দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। শ্রমিক নেতা শাজাহান জানান, ফেডারেশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় চলাচলরত গাড়ির দক্ষ চালকদের তালিকা বিআরটিএতে দাখিল করা হয়েছে। যার সংখ্যা ২৪ হাজার ৬৩০। গণমাধ্যমে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত না করে সত্য তথ্য উত্থাপন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "মানিকগঞ্জের দুর্ঘটনার জন্য মাইক্রোবাস চালক দায়ী এ কথা আমি বলিনি।" প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত অনুযায়ী দোষী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিৎ বলে মন্তব্য করেন নৌমন্ত্রী। শাজাহান বলেন, "অনেকে শ্রমিক নেতা বলে (আমাকে) তুচ্ছ করতে চায়। আমি ব্যবসায়ী নই, পেশায় রাজনীতিবিদ। আমার পারিবারিক ঐতিহ্য আছে। ১৯৬২ সাল থেকে আমার পরিবার পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। আমার ভাই এ ব্যবসায় যুক্ত থাকতেই পারে। কিন্তু আমার কোনো সম্পৃক্ততা নেই।" ২০০১ সালে নির্বাচনের আগে হাওয়া ভবনের সঙ্গে সংশ্লিষ্টতা ছিলো কি না- জানতে চাইলে মন্ত্রী উত্তেজিত হয়ে বলেন, "এর কোনো সত্যতা নেই। কে বলতে পারবে, এর প্রমাণ কী? অনেকেই আমার মুজিব কোট নিয়ে প্রশ্ন তুলেন, ১৯৬৮ সাল থেকে এ কোট আমি গায়ে দিই। মন্তব্য করতে হলে জেনে-বুঝে মন্তব্য করা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৪২৩ ঘ.