ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে চার দিন।
বৃহস্পতিবার সকাল ১১টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান।
সংসদের নবম অধিবেশনে বিরোধী দল অনুপস্থিত ছিলো। 'পরিবেশ নেই'- অভিযোগ করে এর আগের কয়েকটি অধিবেশনেও যোগ দেয়নি তারা।
বর্তমান সংসদে এ পর্যন্ত নয়টি অধিবেশনে কার্যদিবস ছিলো ২৩৭ দিন। এর মধ্যে বিরোধী দল উপস্থিত ছিলো ৫১ দিন।
স্পিকার বলেন, "আমি আশা করবো, আমরা পেছনের সব মতদ্বন্দ্ব ভুলে ভুলে দেশ ও জাতির কল্যাণে সংসদকে জাতীয় সমঝোতা ও সুশাসন প্রতিষ্ঠার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করবো।"
গণতন্ত্র প্রতিষ্ঠায় সংসদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "সংসদকে কার্যকর করার ক্ষেত্রে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। কারণ প্রকৃত অর্থে বিরোধী দলই পারে সরকারের ভুল-ত্র"টি ধরিয়ে দিতে।"
স্পিকার আশা প্রকাশ করেন, প্রধান বিরোধী দল সংসদের অধিবেশনে যোগ দিয়ে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রাকে বেগবান করবে। একইসঙ্গে সরকারি দলকে সহনশীল আচরণ করার পরামর্শও দেন তিনি।
দশম অধিবেশনের আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। স্পিকারের সভাপতিত্বে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চলতি অধিবেশন চলবে ২৫ অগাস্ট পর্যন্ত। অর্থাৎ দশম অধিবেশনের স্থায়ীত্বকাল হবে চার দিন।
ইমরান আহমেদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মজিবর রহমান সরোয়ার, লিলি হাসনাত চৌধুরী এবং তারান হালিমকে সভাপতিমণ্ডলী মনোনীত করা হয়েছে। স্পিকারের অনুপস্থিতিতে তারা অধিবেশনে সভাপতিত্ব করবেন।
ঘটনাবহুল নবম অধিবেশন শেষ হওয়ার ৪১ দিন পর বর্তমান সংসদের দশম অধিবেশন বসলো। গত ৭ জুলাই সংসদের নবম অধিবেশন শেষ হয়।
গত ২২ মে নবম অধিবেশন শুরুর পর নতুন অর্থবছরের বাজেট অনুমোদনের পাশাপাশি ১৯টি সরকারি বিল সংসদে ওঠে; পাস হয় আটটি। এর মধ্যে বহু আলোচিত পঞ্চদশ সংবিধান সংশোধন আইনও রয়েছে।
২০০৮ সালের ২৮ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে নবম সংসদ গঠিত হয়। ২০০৯ সালের ২৫ জানুয়ারি এ সংসদের প্রথম অধিবেশন বসে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, দশম অধিবেশনের জন্য মঙ্গলবার পর্যন্ত ১১টি বিল জমা পড়েছে। এসব বিলের মধ্যে ৭টি কমিটিতে বিবেচনাধীন আছে। উত্থাপনের অপেক্ষায় আছে একটি এবং পাসের অপেক্ষায় আছে আরো তিনটি বিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩০৫ ঘ.
bdnews24