২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফ্রেড সরেণ হত্যার বিচার হয়নি ১১ বছরেও

নওগাঁর সাঁওতাল নেতা আলফ্রেড সরেণ হত্যা মামলার সুরাহা ১১ বছরেও হয়নি। এখন অভিযোগ পাওয়া গেছে, আসামিরা জামিনে বেরিয়ে এসে সাঁওতাল পল্লীর বাসিন্দাদের উচ্ছেদ করতে নানাভাবে হুমকি দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 04:31 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নওগাঁ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর সাঁওতাল নেতা আলফ্রেড সরেণ হত্যা মামলার সুরাহা ১১ বছরেও হয়নি। এখন অভিযোগ পাওয়া গেছে, আসামিরা জামিনে বেরিয়ে এসে সাঁওতাল পল্লীর বাসিন্দাদের উচ্ছেদ করতে নানাভাবে হুমকি দিচ্ছে। বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুরে আলফ্রেড সরেণের গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে আগে ২৪টি পরিবার থাকলেও এখন মাত্র ১২টি সাঁওতাল পরিবার বসবাস করছে। এদের মধ্যে কয়েকটি পরিবার আবার নতুন। তাদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে অভাবী জীবন-যাপনের কথাই জানালেন তারা। ২০০০ সালের ১৮ অগাস্ট ভীমপুর সাঁওতাল পল্লীতে হাতেম-গদাই বাহিনী আলফ্রেড সরেণকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ সময় হত্যাকারীরা পল্লীর ১১টি পরিবারের বাড়িঘর ভাংচুর লুটপাটসহ অগ্নিসংযোগ করে। আহত হয় নারী-শিশুসহ ৩০ জন। ঘটনার পর আলফ্রেড সরেণের ছোট বোন রেবেকা সরেণ হত্যা ও জননিরাপত্তা আইনে দুটি মামলা দায়ের করেন। এ মামলায় ৯১ জনের নামে আদালতে অভিযোগ গঠন হয়। ওই সময় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। মামলায় তখন নওগাঁ দায়রা জজ আদালত ৪১ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেয়। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০২ সালে জননিরাপত্তা আইন বাতিল করে। ওই সময় মামলার প্রধান আসামি পলাতক সীতেষ চন্দ্র ভট্টাচার্য ওরফে গদাই এবং হাতেম আলীসহ ৬০ জনের বেশি আসামি জননিরাপত্তা আইনের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করে। তখন মামলাটি হাইকোর্ট স্থগিত করে। এর পর আসামিরা জামিনে বেরিয়ে আসে। সাঁওতাল পল্লীর বাসিন্দারা জানান, হত্যাকাণ্ডের পর মারা গেছেন আলফ্রেড সরেণের মা ঠাকুরানী সরেণ ও বাবা গায়না সরেণ। তার স্ত্রী জ্যোৎস্না সরেণ দিনাজপুরের হিলিতে সেভেন এডভানটেজ নামের একটি মিশনে কাজ করেন। একমাত্র মেয়ে ঝর্ণা সরেণ জয়পুরহাটের জেলার পাঁচবিবির একটি মিশন স্কুলে নবম শ্রেণীর ছাত্রী। আলফ্রেড সরেণ হত্যা মামলার বাদি পক্ষের আইনজীবী মহসীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যা মামলাটি পূর্ণাঙ্গ শুনানির জন্য উচ্চ আদালতে রয়েছে। ফলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। আলফ্রেড সরেণের ছোট বোন ও বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের আহ্বায়ক রেবেকা সরেণ বলেন, "জামিন পেয়েই আসামিরা আবার সাঁওতালদের ওপর নানাভাবে নির্যাতন অব্যাহত রেখেছে। মামলায় সাক্ষী না দিতে হুমকি দেওয়া হচ্ছে।" তিনি অভিযোগ বলেন, সাঁওতালরা যেন বাঙালি বাড়িতে কাজ করতে না পারে তার জন্যও হাতেম-গদাইরা তৎপর। তারা সাঁওতালদের জমি কেড়ে নিচ্ছে। এখানকার সাঁওতালরা দুর্বিসহ জীবন-যাপন করছে বলে জানান রেবেকা। এতসব আশঙ্কার মধ্যেও এ নৃগোষ্ঠীর মানুষরা তাদের প্রিয় নেতা আলফ্রেড সরেণের ১১তম মৃত্যুবার্ষিকী পালন করছে। আলফ্রেড সরেণের পরিবার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১০২২ ঘ.