২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় অভিযান: অপহৃত অটোরিকশা চালক উদ্ধার

মধ্যরাতে অটোরিকশা ছিনতাই করে চালককে ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানাচ্ছেন লিটন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

লিটন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটোরিকশা ছিনতাই করে চালককে ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর শাহবাগ থেকে প্রায় আধা ঘণ্টা তাড়া করে আদাবর এলাকায় নাটকীয় কায়দায় আটক করা হয় ট্রাকটি। এ সময় ট্রাকের ধাক্কায় পুলিশের তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য বেঁচে যান পুলিশের কয়েকজন সদস্য। ঢাকা মহানগরীর ৬টি থানার পুলিশ এই অভিযানে অংশ নেয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। শাহবাগ থানায় একটি মামলা করেছেন অটোরিকশা চালক আব্দুল জলিল। এছাড়া ছিনতাই, হত্যা চেষ্টা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদের ক্ষতি করার অভিযোগে পুলিশ আদাবর থানায় আরেকটি মামলা করেছে। মামলার উদ্ধৃতি দিয়ে শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক মোত্তালেব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল জলিল মঙ্গলবার রাত ২টার দিকে গুলিস্থান থেকে খালি অটোরিকশা নিয়ে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে হাইকোর্টের সামনে একটি ট্রাক তার গতিরোধ করে। কয়েকজন ছিনতাইকারী ট্রাক থেকে নেমে হাত পা বেঁধে তাকে ট্রাকে তোলে এবং তার অটোরিকশাটি নিয়ে যায়। ট্রাকটি শাহবাগ মোড় হয়ে যাওয়ার সময় সেটির পিছু নেন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার কাজী আশরাফুল আজিম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজারবাগ থেকে গাড়িতে গ্যাস নিয়ে মিরপুরের বাসায় ফেরার পথে শাহবাগ মোড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির চিৎকারে গতি কমান তিনি। একটি ট্রাক দেখিয়ে ওই ব্যক্তি জানায়, এক অটোরিকশা চালককে ওই ট্রাকে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আশরাফুল আজিম এরপর ট্রাকের পিছু ধাওয়া করলে ট্রাকচালক গতি বাড়িয়ে দেয়। ট্রাকের কাছাকাছি গেলে চালক পুলিশের গাড়িকে বেশ কয়েকবার ধাক্কা মারারও চেষ্টা করে। এরইমধ্যে বিষয়টি অয়্যারলেসের মাধ্যমে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে দেন সহকারী কমিশনার। তেজগাঁও, শেরেবাংলা, মোহাম্মদপুর, আদাবর থানা পুলিশকে সর্তক করে দেওয়া হয়। তিনি জানান, ট্রাকটি পান্থপথ দিয়ে রাসেল স্কয়ার হয়ে মিরপুরের দিকে যাওয়ার সময় ২৭ নম্বর সড়কের মাথায় বেরিকেড দেয় পুলিশ। কিন্তু ট্রাক চালক কৌশলে তা এড়িয়ে যায়। এরইমধ্যে পুলিশের আরো কয়েকটি গাড়ি ট্রাকটির পিছু নেয়। এক পর্যায়ে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে দিয়ে মোহাম্মদপুর হয়ে রিং রোডে ওঠে ট্রাকটি। ওই সড়ক ধরে শ্যামলীর দিকে যাওয়ার সময় সেটি স্ট্যান্ডার্ড ব্যাংকের সামনে শেরেবাংলা, মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের বেরিকেডের সামনে পড়ে। "শক্ত বেরিকেড দেখে ট্রাকের গতি কমিয়ে আনে চালক। এ সময় আমার গাড়ি পাশ কাটিয়ে ট্রাকের সামনে গেলে আমারটিসহ পুলিশের আরো দুটি গাড়িকে ধাক্কা দিয়ে বেরিকেড ভেঙে পালানোর চেষ্টা করে ট্রাক চালক। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়; প্রাণে বেঁচে যান কয়েকজন পুলিশ সদস্য," বলেন আজিম। প্রায় আধা ঘণ্টার এই অভিযান শেষ হয় আদাবর থানাধীন রিংরোডে। ট্রাকটি আটক করার পর চালক হেলাল হওলাদার ও তার সহকারী বাবুলকে গ্রেপ্তার করা হয়। ট্রাকের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায় অটোরিক্সা চালক আব্দুল জলিলকে। এদিকে অয়্যারলেসে খবর পেয়ে প্রধান সড়কগুলোতে কড়াকড়ি বাড়ায় পুলিশ। বঙ্গবন্ধু মেডিকেল এলাকায় একটি চেকপোস্টে আটক করা হয় আব্দুল জলিলের অটোরিকশাটি। এ সময় মো. মুসা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সহকারী কমিশনার কাজী আশরাফুল আজিম বলেন, "এ ধরনের ঘটনায় অটোরিকশা চালককে অপহরণের পর হত্যা করে কোথাও ফেলে রাখা হয়। আর অটোরিকশাটি বিক্রি করে দেয় ছিনতাইকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২০২৬ ঘ.