২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দায়সারা মেরামত, সব বাস নামেনি রাস্তায়

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-ময়মনসিংহ সড়ক সংস্কার কাজ শুরুর পর এক সপ্তাহ বন্ধ থাকা বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে নতুন করে ফেলা ইট বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় আবার আগের অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে সব বাস নামেনি। আর ছিলো তীব্র যানজট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

গাজীপুর, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-ময়মনসিংহ সড়ক সংস্কার কাজ শুরুর পর এক সপ্তাহ বন্ধ থাকা বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে নতুন করে ফেলা ইট বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় আবার আগের অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে সব বাস নামেনি। আর ছিলো তীব্র যানজট। মহাসড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় গত এক সপ্তাহ ময়মনসিংহের ১২টি এবং টাঙ্গাইল রুটের গাড়ি চলাচল মহাখালী থেকে বন্ধ ছিলো। মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্দেশের পর মহাসড়ক পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী। শুরু হয় সংস্কার কাজ। অন্যদিকে রাতে শুরু হয় বাস চলাচল। বুধবার দুপুরে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় গিয়ে দেখা যায় ট্রাক-বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবস্থাও একই রকম। সড়কে সৃষ্টি হওয়া গর্তে যে বালি ও ইট ফেলা হয়েছে, সেগুলো সরে গিয়ে রাস্তা আবার হয়ে উঠেছে যান চলাচলের অনুপোযোগী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক মো. রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, "কোনাবাড়ি এলাকায় রাস্তা সংস্কারের কাজ ঠিকমতো হয়নি। জোড়াতালি দিয়ে সংস্কার কাজ করায় বৃষ্টিতে তা আবারো নষ্ট হয়ে গেছে। তাই এ সড়কে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে।" ব্যাংক এশিয়া কোনাবাড়ি শাখার ব্যবস্থাপক মো. আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়ক ঠিক হয়েছে শুনে মঙ্গলবার ইফতারের পর ব্যক্তিগত গাড়িতে ব্যাংক থেকে উত্তরার উদ্দেশে রওনা হন তিনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা-চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাভোগান্তিতে পড়তে হয় তার। "মহাসড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দক থাকায় সৃষ্ট দীর্ঘ যানজটের কারণে রাত ১০টায় গিয়ে বাসায় পৌঁছাই", বলেন তিনি। এ কারণে পরিস্থিতিতে এ রুটগুলোতে চলাচলকারী বাসের সংখ্যা সীমিত রাখা হয়েছে। মহাখালী বাস টার্মিনাল থেকে স্বাভাবিকের তুলনা ৩০ শতাংশ বাস কম ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন মহাখালী বাস টার্মিনাল পরিবহন সমিতির সভাপতি মো. আবুল কালাম। ঢাকা-জামালপুর রুটের রাজিব পরিবহনের চালক মো. শাহ আলম জানান, বুধবার বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা-চৌরাস্তার উত্তরে উল্কা সিনেমা হলের পশ্চিমে প্রায় হাঁটু পানি জমে যায়। এতে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির গাজীপুর শাখার সাধারণ সম্পাদক কামরুল আহসান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যোগাযোগ ও নৌ পরিবহন মন্ত্রীর ৭ দিনের মধ্যে রাস্তা মেরামতের আশ্বাসের ভিত্তিতে মঙ্গলবার রাস্তায় গাড়ি নামানো হয়েছে। কিন্তু মহাসড়কে খানা-খন্দক ও পানি জমে আবারো অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আবুল কালাম বলেন, বৃষ্টির কারণে আবারো রাস্তা গাড়ি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। চালকদের সাবধানে ও ধীরগতিতে বাস চালাতে হচ্ছে। এ অবস্থায় সোয়া দুই ঘণ্টার রাস্তা পার হতে সাত থেকে আট ঘণ্টা সময় লাগছে। এদিকে সড়ক মেরামতের কাজ দ্রুত শেষ করতে বুধবার এক আদেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের সদর দপ্তর, আঞ্চলিক কার্যালয় এবং নির্বাহী প্রকৌশলীদের কার্যালয় ও সংশ্লিস্টদের সাপ্তাহিক ও ঈদ-উল ফিতরের ছুটি বাতিল করেছে যোগাযোগ মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২০২০ ঘ.