২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নত চিকিৎসায় শিল্পী ঢালীকে বিদেশে পাঠানোর দাবি

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও চিত্রশিল্পী ঢালী আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও চিত্রশিল্পী ঢালী আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট। এতে চবি'র শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সৌমেন কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢালি আল মামুনের শারীরিক অবস্থার কোন পরিবর্তন নেই বলে আমরা জেনেছি। তাই তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে পাঠানো হোক।" তিনি বলেন, "দেশে নিয়মিত সড়ক দুর্ঘটনার নামে যে হত্যাকাণ্ড শুরু হয়েছে তাতে সরকারের নির্লিপ্ততা এবং যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে আমরা ক্ষুব্ধ।" সড়ক দুর্ঘটনা রোধ করতে না পারার 'ব্যর্থতায়' যোগাযোগ মন্ত্রীর পদত্যাগও দাবি করেন সৌমেন। শনিবার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীরসহ পাঁচ জন প্রাণ হারান। তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, ঢালী ও তার স্ত্রী চিত্রশিল্পী দিলারা বেগম জলিসহ চারজন আহত হন ওই দুর্ঘটনায়। রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসাধীন মামুনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মামুনকে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না- তা নির্ধারণে বুধবার একটি মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। সুচিকিৎসার জন্য শিল্পী ঢালী আল মামুনকে বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে একটি চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। মানববন্ধনে চবি'র শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন, গ্র"প থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, আবৃত্তি সংগঠন বোধন, প্রমা আবৃত্তি সংগঠন অংশগ্রহণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৭৪২ ঘ.