২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

নগরীর পাঁচলাইশ থানা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 09:52 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে প্রবর্ত্তক মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. শাহাবুদ্দিন (৬০) নগরীর ডিসি রোড হাজি মসজিদ এলাকার বাসিন্দা। চকবাজার প্যারেড মাঠে তার স্টিলের আসবাবপত্রের দোকান রয়েছে। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কালিকসাদ এলাকায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোহাম্মদ মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে শরীরে মারাত্মক জখম নিয়ে শাহাবুদ্দিন হাসপাতালে আসেন। ৬টার দিকে তার মৃত্যু হয়। সাহাবুদ্দিনের বড় ভাই মোহাম্মদ শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেহরি খাওয়ার পর প্রতিদিনের মতো হাঁটতে বের হন শাহাবুদ্দিন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহাবুদ্দিন মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার। তবে তার কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/আরএ/১৫৪৭ ঘ.