২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের সফরে ট্রানজিট ফি নির্ধারণ অনিশ্চিত

আগামী মাসের শুরুতে মনমোহন সিংয়ের সফরে ট্রানজিট প্রটোকল সই হলেও ফি বা মাশুল নির্ধারণ চূড়ান্ত না-ও হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 09:30 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসের শুরুতে মনমোহন সিংয়ের সফরে ট্রানজিট প্রটোকল সই হলেও ফি বা মাশুল নির্ধারণ চূড়ান্ত না-ও হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ৬ সেপ্টেম্বর দুদিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন। তার সফরে তিস্তার পানি বণ্টন, ছিটমহল, অপদখলীয় ভূমি বিরোধসহ বিভিন্ন জটিলতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। মনমোহন সিংয়ের সফরের সময় ট্রানজিট চুক্তি হবে কি না- জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "ট্রানজিটের ব্যাপারে আমার বলা ঠিক না। মনে হয় না তার সফরের আগে আমরা ফি নির্ধারন করতে পারবো। তবে তার সফরের সময় ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়ে যাবে।" ট্রানজিটের মাশুল নির্ধারণের জন্য এর আগে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করে সরকার। অর্থমন্ত্রী বলেন, "কোর কমিটি একটা খসড়া প্রতিবেদন দিয়েছে। এটা রিভাইজ করছি। চূড়ান্ত করে প্রকাশ করা হবে।" ট্রান্সশিপমেন্টের বিষয়ে তিনি বলেন, "নৌপথে কার্গোর মাশুলের বিষয়টি থোক হিসেবে রয়েছে। এটাও ঠিক করতে হবে।" ট্রানজিটের বিষয়টি তাড়াহুড়ো করে করা হচ্ছে কি না- প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, "কোথায় তাড়াহুড়ো? অনেক দিন ধরেই তো রিসার্চ করা হচ্ছে।" ট্রানজিট দিলে বাংলাদেশের লাভ হবে না বলে বিরোধী দলের পক্ষ থেকে যে বক্তব্য আসছে, তা উড়িয়ে দিয়ে মুহিত বলেন, "দিস ইজ ননসেন্স, অ্যাবসুলেটলি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫২৫ ঘ.