২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় এসআই প্রত্যাহার, হত্যা মামলা

রংপুরের পাগলাপীরে ব্যবসায়ী লুৎফর রহমান হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিবকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে দুই সদস্যের কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

রংপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পাগলাপীরে ব্যবসায়ী লুৎফর রহমান হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিবকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে দুই সদস্যের কমিটি। পুলিশ জানায়, নিহত ব্যবসায়ীর ছোট ভাই মোকাররম হোসেন বাদি হয়ে সোমবার রাতে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ওই মামলায় এসআই হাবিবকে আসামি করা হয়নি। রংপুরের পুলিশ সুপার (এসপি) সালেহ মো. তানভীর আহাম্মেদ মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী লুৎফর রহমান হত্যার ঘটনায় পুলিশের জড়িত থাকাসহ সার্বিক বিষয়ে তদন্ত করার জন্য রংপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার এস এম রাশেদুল হককে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন সহকারী পুলিশ সুপার শরীফুল হক। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসপি আরো জানান, অভিযুক্ত কোতোয়ালি থানার এসআই আহসান হাবিবকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতির মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। সোমবার দুপুরে পাগলাপীর এলাকার একটি ধান ক্ষেতে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় লুৎফরের লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, এ হত্যাকাণ্ডে এসআই হাবিব জড়িত। লাশ উদ্ধারে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে হাবিবসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এদিকে লুৎফরকে মঙ্গলবার দুপুরে তার গ্রামের বাড়ি গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে দাফন করা হয়েছে। নিহতের ছেলে মোবাশ্বের বলেন, "আমরা আর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাই না। কারণ আমাদের জীবনের নিরাপত্তা নেই।" নিহতের স্ত্রী মোমেনা বেগমও একই কথা বলেন। তিনি জানান, কথা বললে তাদেরকেও খুন করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকালে কোতোয়ালি থানায় গিয়ে ওসি আলতাফ হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তিনিও কথা বলতে অপারগতা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৩২ ঘ.