চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার করতে গিয়ে মাদক ব্যবসায়ীর ছুরির আঘাতে আহত হয়েছেন চট্টগ্রাম নগরীর খুলশী থানার এক উপপরিদর্শক। তবে শেষ পর্যন্ত ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত এসআই মো. আখতারুল ইসলামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এসআই আখতারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ষোলশহর ২ নম্বর ফটকে এস এ পরিবহন কার্যালয়ের সামনের সড়ক দিয়ে মাদক ব্যবসায়ী হাবিবের যাওয়ার খবর পেয়ে সেখানে অবস্থান নিয়েছিলেন তিনি।
তিনি বলেন, "মাদক ব্যবসায়ী হাবিবকে বহনকারী রিকশাটি থামালে সে অতর্কিতে একটি ছুরি দিয়ে আমার পিঠে ও হাতে আঘাত করে।"
এরপর টহল দলের অন্য সদস্যরা হাবিবকে গ্রেপ্তার করে। হাবিবের পায়ে বাঁধা অবস্থায় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান খুলশী থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত হাবিবের বিরুদ্ধে অস্ত্র, দ্রুত বিচার ও মাদক আইনে তিনটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএম/এমআই/১৪৫০ ঘ.
bdnews24