২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগেই সড়ক সংস্কারের নির্দেশ

জনদুর্ভোগ অবসানে ঈদুল ফিতরের আগেই সব সড়ক সংস্কারের জরুরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে সব জেলায় বিআরটিসি বাস চালু করতেও বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 08:44 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনদুর্ভোগ অবসানে ঈদুল ফিতরের আগেই সব সড়ক সংস্কারের জরুরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে সব জেলায় বিআরটিসি বাস চালু করতেও বলেছেন তিনি। যোগাযোগ মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম নিয়ে মঙ্গলবার এক বৈঠকে হাসিনা বলেছেন, "ক্ষতিগ্রস্ত সব সড়ক চলাচলের উপযোগী করতে হবে, যেন ঈদে জনগণের চলাচলের কোনো রকম অসুবিধা না হয়।" সড়ক সংস্কারে প্রয়োজনীয় অর্থ দিতেও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দু'ঘণ্টা এ বৈঠক চলে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী যত শিগগির সম্ভব সড়ক মেরামত করতে বলেছেন। বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন মহাসড়ক নাজুক অবস্থায় পৌঁছার পর সড়ক সংস্কারের দাবিতে কয়েক দিন ধরে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল রুটে গাড়ি চলাচল বন্ধের মধ্যেই প্রধানমন্ত্রীর এ নির্দেশ এলো। সড়ক সংস্কার নিয়ে গত রোববার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা উঠলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিতর্কে জড়ান। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তারা শান্ত হন। সড়ক উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার অভিযোগ যোগাযোগমন্ত্রী করলেও অর্থমন্ত্রী তা নাকচ করেন। ক্ষতিগ্রস্ত সড়কের ব্যাপারে বৈঠকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত সড়ক ইতোমধ্যে মেরামত করা হয়েছে। যেগুলোর এখনো সংস্কার হয়নি, তা দ্রুত মেরামত করা হবে। প্রেসসচিব বলেন, "বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যোগাযোগ মন্ত্রণালয় যেসব রাস্তা-ঘাট, সড়ক ও কালভার্ট নির্মাণ করেছে- তাতে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।" বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারসহ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রক্ষণাবেক্ষণ না করার জন্য ঢাকা-ময়মনসিংহ সড়কসহ বিভিন্ন সড়কের নাজুক অবস্থা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। তখন জোট ও তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান সরকারের সময়ে যোগাযোগ খাতে যে ব্যয় হয়েছে (নির্মাণ ও রক্ষণাবেক্ষণ) তার বিস্তারিত প্রতিবেদন চান প্রধানমন্ত্রী। ঢাকা থেকে রংপুরে এক্সপ্রেস ট্রেন ২১ অগাস্ট চালুর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এ ট্রেনে যাত্রীদের পাশাপাশি মালামাল বহনের জন্য কমপক্ষে একটি আলাদা বগি যেন সংযোজন করা হয়। এছাড়া পর্যায়ক্রমে দেশের সব রুটে বিআরটিসি বাস চালুরও নির্দেশ দিয়েছেন তিনি। তাকে জানানো হয়, এ মুহূর্তে বাংলাদেশ অভ্যন্তরীণ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ৩০০ বাস রয়েছে। ট্রাফিক আইন মেনে চলতে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাসিনা। বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, মুখ্য সচিব এম এ করিম, অর্থ সচিব মোহম্মদ তারেক, যোগাযোগ সচিব মোজ্জাম্মেল হক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৫৪০ ঘ.