২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নানীর কবরে শায়িত হলেন আশফাক মুনীর

নানীর কবরে শায়িত হয়েছেন শহীদ মুনীর চৌধুরীর ছেলে আশফাক (মিশুক) মুনীর। এটিএন নিউজের প্রধান সম্পাদক আশফাক গত শনিবার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানীর কবরে শায়িত হয়েছেন শহীদ মুনীর চৌধুরীর ছেলে আশফাক (মিশুক) মুনীর। এটিএন নিউজের প্রধান সম্পাদক আশফাক গত শনিবার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। মঙ্গলবার দুপুর দেড়টায় বনানী কবরস্থানে আশফাককে দাফন করা হয়। এ সময় ছিলেন তার সহকর্মীসহ সংস্কৃতি অঙ্গনের অনেকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘর থেকে আশফাকের মরদেহ বনানী কবরস্থানে আনা হয়। রোববার শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর মরদেহ হিমঘরে রাখা হয়। মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় আশফাকের সঙ্গী মাইক্রোবাস আরোহী চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ আরো তিন জন নিহত হন। তারেকের মরদেহ এখনো হিমঘরে রয়েছে। তারেকের স্ত্রী ক্যাথরিনও দুর্ঘটনায় আহত হন। তবে তিনি চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন। হাসপাতালে রয়েছেন চিত্রশিল্পী ঢালী আল মামুনসহ দুজন। ক্যামেরা 'ডিরেক্টর' হিসেবে হিসেবে কাজ করে যে বাংলাদেশিরা আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন, তাদের মধ্যে আশফাক মুনীর অন্যতম। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আশফাক দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের প্রথম ব্যক্তিমালিকানাধীন টেরিস্ট্রেরিয়াল টেলিভিশন একুশে টিভিতে হেড অব নিউজ অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেন আশফাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতাও করেন তিনি। সর্বশেষ গত বছর তিনি এটিএন নিউজে প্রধান সম্পাদক ও নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেন। এর আগে কানাডার রিয়েল টেলিভিশনের হেড অব ব্রডকাস্ট অপারেশন্স হিসেবে আট বছর কাজ করেন তিনি। খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদের ছবি রানওয়ের প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন মিশুক। এছাড়াও 'রিটার্ন টু কান্দাহার', 'ওয়ার্ডস অব ফ্রিডম' প্রামাণ্যচিত্রগুলোতেও কাজ করেছেন তিনি। ১৯৫৯ সালে জন্মগ্রহণকারী মিশুক মুনীরের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/আরএ/এমআই/১৪০০ ঘ.