সিলেট, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে দুই ঘণ্টার ব্যবধানে দু'টি বাসায় ডাকাতি হয়েছে।
সোমবার রাতে নগরীর হাওয়াপাড়া ও আম্বরখানা বড়বাজার এলাকায় দুই বাসা থেকে প্রায় ১৬ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় দেড় লাখ টাকা ও একটি ল্যাপটপ কম্পিউটার লুট করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে নগরীর হাওয়াপাড়া এলাকার দিশারী-১৪ নং বাসার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ চৌধুরীর বাসায় কলিংবেল টিপে ছয়-সাতজনের একটি ডাকাত দল ঢুকে পড়ে।
"তারা অস্ত্রের মুখে ওই বাসার সদস্যদের মুখে কাপড় ও হাত পা বেঁধে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় একলাখ টাকা নিয়ে যায়।"
ওই পুলিশ কর্মকর্তা জানান, রাত সাড়ে ৯টার দিকে আম্বরখানার বড়বাজার এলাকার ৫০ নং হোল্ডিংয়ে ডা. আলবাব হোসেনের বাসায় একইভাবে ঢুকে ডাকাতরা নগদ ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ নিয়ে যায়।
আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে দুটি বাসায় একই ডাকাত দল হানা দেয়। পুলিশ ডাকাতদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০১০০ ঘ.
bdnews24