টাঙ্গাইল, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক মেরামতের দাবিতে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে টাঙ্গাইলের রাজধানীমুখী মানুষ।
সড়ক সংস্কারের দাবিতে জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা রোববার সকাল থেকে এ ধর্মঘট ডেকেছে।
বাস চলাচল বন্ধ থাকায় সবাই ট্রেনে যাওয়ার জন্য স্টেশনে ভিড় করছেন। সারাদিন ও রাতে মাত্র সাতটি ট্রেন চলাচল করায় সেখানেও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিযে ছাদে এবং দরজার হাতল ধরেই অনেককে ট্রেনে চড়তে দেখা যাচ্ছে।
জেলা সড়ক পরিবহন বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক সংস্কার না হলে ঢাকা পর্যন্ত গাড়ি চালানো সম্ভব নয়।
তবে জেলা ও পুলিশ প্রশাসনের অনুরোধে রোববার বিকাল থেকে জেলার শেষ সীমানা মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত বাস ও মিনিবাস চলাচলের ব্যবস্থা করেছে বাস মালিকরা। সেখান থেকে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকা যেতে হচ্ছে।
সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ পথের ১২টি রুটে কয়েকদিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার থেকে এতে যোগ হলো ঢাকা-টাঙ্গাইল রুটও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৫ ঘ.
bdnews24