২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে র‌্যাব-পুলিশের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-ধাওয়ি

সিলেটে এক ছাত্রলীগকর্মীকে মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধে বাধা দেওয়ায় ছাত্রলীগের সঙ্গে র‌্যাব-পুলিশের ধাওয়া-ধাওয়ি হয়েছে। এ সময় এক উপ-পরিদর্শকসহ পাঁচ জন কমবেশি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

সিলেট, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে এক ছাত্রলীগকর্মীকে মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধে বাধা দেওয়ায় ছাত্রলীগের সঙ্গে র‌্যাব-পুলিশের ধাওয়া-ধাওয়ি হয়েছে। এ সময় এক উপ-পরিদর্শকসহ পাঁচ জন কমবেশি আহত হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে নগরীর টিলাগড়ে এ ঘটনা ঘটে। আহত এসআই জালালউদ্দিনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শনিবার রাতে ধোপাদিঘির পাড়ের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে গাড়ি রাখাকে কেন্দ্র করে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয় এক ছাত্রলীগ কর্মীর। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হোটেলে হামলা চালায়। এ সময় হোটেল শ্রমিকরা মোশাহিদ নামে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে। কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশ ও র‌্যাবকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেওয়া হয়। জেলা ছাত্রলীগ সভাপতি পঙ্কজ পুরকায়স্থ জানান, ছাত্রলীগকর্মী মোশাহিদকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৫৯ ঘ.