ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বেহাল সড়ক নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বাহাসে জড়িয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যোগাযোগমন্ত্রী বরাদ্দের অপ্রতুলতা কথা তুলে ধরলে তা নাকচ করে অর্থমন্ত্রী বলেন, তদারকির অভাবই এর কারণ।
ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজুক অবস্থা এবং মানিকগঞ্জে দুর্ঘটনায় তারেক মাসুদ ও আশফাক মুনীরের নিহত হওয়া নিয়ে আলোচনার এক পর্যায়ে রোববার মন্ত্রিসভার বৈঠকে বদানুবাদে জড়ান দুই মন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে কয়েকজন মন্ত্রী জানিয়েছেন।
মন্ত্রিসভার একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে নির্ধারিত আলোচনার পর বেহাল মহাসড়ক নিয়ে তোপের মুখে পড়েন আবুল হোসেন। কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এ আলোচনা শুরু করেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
তখন প্রধানমন্ত্রী যোগাযোগমন্ত্রীর কাছে যোগাযোগ ব্যবস্থার বর্তমান দশার কারণ জানতে চান।
"তবে পর্যাপ্ত অর্থের বরাদ্দ না পাওয়ায় যোগাযোগ ব্যবস্থার এ অবস্থা হয়েছে বলে যোগাযোগমন্ত্রী দায় চাপান অর্থমন্ত্রীর ঘাড়ে," বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন এক মন্ত্রী।
যোগাযোগমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক সংস্কারের জন্য মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে। এ প্রকল্পের অধীনে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদনও রয়েছে। কিন্তু গত অর্থবছরে এ খাতে অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৫৭ কোটি টাকা। বর্তমান অর্থবছরে এ খাতে পাওয়া গেছে আরো কম, ৫০ কোটি টাকা।
আর্থিক দৈন্যের কারণেই যোগাযোগ মন্ত্রণালয় সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারছে না বলে দাবি করেন আবুল হোসেন। তিনি আরো বেশি অর্থ বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রী জানান।
যোগাযোগমন্ত্রীর কথার জবাবে অর্থমন্ত্রী বৈঠকে বলেন, যোগাযোগ মন্ত্রণালয়কে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ দেওয়া অর্থ ইতোমধ্যে ছাড়ও হয়েছে।
"কিন্তু যথাযথ তদারকি না হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী", বলেন মন্ত্রিসভার ওই সদস্য।
তিনি বলেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মন্ত্রীকে থামিয়ে দিয়ে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে স্বল্পতম সময়ের মধ্যে ভাঙাচোরা সড়ক মেরামত এবং যানবাহন চলাচলের উপযোগী করতে বলেন। প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে তিনি অর্থমন্ত্রীকেও বলেন।
প্রকৃতি বিরূপ আচরণ না করলে এবং বিভিন্ন সড়কের ওপর থেকে পানি নেমে গেলে স্বল্পতম সময়ের মধ্যেই ভাঙা সড়কগুলোকে চলাচলের উপযোগী করা সম্ভব হবে বলে জানান যোগাযোগমন্ত্রী।
বৈঠকে যোগাযোগমন্ত্রী মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও আশফাক মুনীরের মৃত্যুর কারণও তুলে ধরেন। এতে তিনি বলেন, ওভারটেকিংয়ের কারণে তাদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। এজন্য সড়ক ব্যবস্থা বা সঙ্কেত (সিগনালে) দেওয়ার ক্ষেত্রে কোনো ত্র"টি ছিলো না।
এ দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের কথাও মন্ত্রিসভাকে জানান আবুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৩০ ঘ.
bdnews24