২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিক্যাল-ডেন্টালের ফরম মঙ্গলবার থেকে

আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় মেডিক্যাল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষে ভর্তির সমন্বিত ফরম মঙ্গলবার থেকে অনলাইনে পাওয়া যাবে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় মেডিক্যাল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষে ভর্তির সমন্বিত ফরম মঙ্গলবার থেকে অনলাইনে পাওয়া যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সিফায়েত উল্লাহ রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত http://dghs.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পাওয়া যাবে। ২৩ সেপ্টেম্বর সারাদেশে ১৯টি কেন্দ্রে একযোগে এক ঘণ্টার পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। নৈর্ব্যক্তিক প্রশ্নে (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন) পরীক্ষা হবে ১০০ নম্বরের। চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা হবে। ভর্তি ফরমের দাম ও পরীক্ষার ফি টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দেওয়া যাবে। দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথমবারের মতো একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের পাশাপাশি পদ্ধতিগত বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এবার। ভর্তির আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৮ পেতে হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা জিপিএ-৭ থাকলে আবেদন করতে পারবেন। 'ফি অবশ্যই টেলিটকের মাধ্যমে' ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মকবুলুর রহমান এ নতুন পদ্ধতির ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরকে কারিগরি সহায়তা করছেন। ফরমে অন্যান্য তথ্যের সঙ্গে শিক্ষার্থীদের নিজের ছবি ও স্বাক্ষর অনলাইনে আপলোড করতে হবে বলে জানান তিনি। টেলিটকের সীমিত গ্রাহক সংখ্যার কারণে ফরম কেনায় সমস্যা করবে কী না জানতে চাইলে মকবুলুর বলেন, কোনো সমস্যা হবে না। "ফরম পূরণের সময় আমরা একটা অন্য যেকোনো অপারেটরের মোবাইল নম্বর দিতে পারি। তবে তাদেরকে অবশ্যই টেলিটকের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।" ফরম পূরণের সময় শিক্ষার্থীদের একটি ইনভয়েস নম্বর দেওয়া হবে বলে জানান চিকিৎসা শিক্ষা পরিচালক শাহ আব্দুল লতিফ। "ওই নম্বরটি ফি জমা দেওয়ার সময় প্রয়োজন হবে।" চার-পাঁচদিন আগে প্রবেশপত্র ডাউনলোড আব্দুল লতিফ জানান, ফি পরিশোধের জন্য মোবাইলের মেসেজ অপশন থেকে ডিজিএইচএস লিখে স্পেস দিয়ে ইনভয়েস নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এরপর পরবর্তী নির্দেশনা পাওয়া যাবে। ফি হিসেবে পরিশোধ করতে হবে ছয়শ টাকা। টেলিটকের যে নম্বর থেকে ফি পরিশোধ করা হয়েছে সেই নম্বরসহ ফরম পূরণের সময় দেওয়া মোবাইল নম্বরে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড পাওয়া যাবে। ওই ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার চার-পাঁচদিন আগে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা। পরীক্ষার্থীরা যে মোবাইল নম্বর দেবেন তাতে টেলিটকের পক্ষ থেকে ভর্তি সংক্রান্ত তথ্য ও ফল পাঠানো হবে বলে জানান টেলিটকের মহাব্যবস্থাপক। আব্দুল লতিফ বলেন, ইতোমধ্যে কোনো মেডিক্যাল কলেজ ভর্তি হয়েছেন- এমন কোনো শিক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিলে তার মোট নম্বর থেকে পাঁচ কেটে নেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে আসান সংখ্যা ২ হাজার ৪৬৫। আর ৪৪টি বেসরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারে। এছাড়া তিনটি সরকারি ডেন্টাল কলেজে ২১৮টি এবং বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে ৭৬৫টি আসন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/১৮২৬ ঘ.