নোয়াখালী, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পনীগঞ্জে মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার শাহ আলম (২০)।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি বিল্লাল হোসেন জানান, শনিবার সকালে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে শাহ আলমকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে শাহ আলম ।
শাহ আলমের কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নাম পরিচয় ও অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিল্লাল জানান, শনিবার ভোররাতে উপজেলার চরকাঁকড়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিলনকে যেস্থানে পিটিয়ে মারা হয়েছিল সেই টেকের বাজারের পান দোকানদার শাহ আলম।
পুলিশ ভ্যান থেকে নামিয়ে দেওয়ার পর বিক্ষুদ্ধ জনতা মিলনকে পিটিয়ে হত্যা করার সময় মোবাইল সেটে ধারণকৃত ভিডিওচিত্র থেকে শাহ আলমকে সনাক্ত করা হয় বলে জানান বিল্লাল।
ডাকাত সন্দেহে পুলিশের গণপিটুনিতে গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চরকাঁকড়া গ্রামের টেকের বাজারে মিলনকে হত্যার ঘটনায় তার মা কহিনুর বেগম বাদী হয়ে ৩ অগাস্ট আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে ৮ অগাস্ট মামলাটি কোম্পানীগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়। মামলাটি বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখায় (ডিবিতে) স্থানান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/০০১৫ ঘ.
bdnews24